গেরুয়া শিবিরের তরুণ নেতার পদত্যাগ ঘিরে শোরগোল
দি নিউজ লায়ন; ব্যক্তিগত কারনের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন মুর্শিদাবাদের উত্তর জেলা যুব মোর্চার সহ-সভাপতি তথা গত বিধানসভা নির্বাচনে সুতি বিধানসভা কেন্দ্র বিজেপির প্রার্থী হওয়া যুবক নেতা কৌশিক দাস। এই ঘটনা চাউর হতেই ব্যাপক শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে। দলের কাজের ক্ষেত্রে নানান সময়ে বাধার সম্মুখীন হওয়ার কারণেই এত বড় সিদ্ধান্ত।দলে তিনি লড়াকু নেতা হিসেবেও পরিচিত।
জানা গিয়েছে, দলের একাংশের সঙ্গে বনিবনা না হওয়ার কারণের জেরেই তিনি পদত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে যুব সংগঠনের বেশ কয়েকজনের সঙ্গে তাঁর টানাপোড়েন চলছিল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঐ যুবনেতা বলেন, আমি বিজেপিতে ছিলাম বিজেপি তে আছি।বিজেপি করব। কিন্তু যুব মোর্চার দায়িত্ব নেব না। বেশ কয়েকটি কারণের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি। বাকিটা পরবর্তীতে জানানো হবে" উত্তর মুর্শিদাবাদ জেলার বিজেপির সভাপতি সুজিত দাস অবশ্য বলেন, উনি মূল সংগঠনের কাজ করবেন।
সেই কারণেই যুব মোর্চা থেকে কে পদত্যাগ করছেন বা থাকছেন তা জানা তার পক্ষে সম্ভব নয়"।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের দুই সাংগঠনিক জেলাতেই বিজেপির মধ্যে সমস্যা চলছিল সাংগঠনিক কাজের ভাগবাটোয়ারা নিয়ে। দলের একাংশের দাবি, দুই জেলাতেই কয়েকজন নেতার জন্য সংগঠনের অগ্রগতি হচ্ছে না। তাঁদেরকে পদ থেকে সরানো উচিত। তা না হলে আগামী দিনে দলকে খেসারত দিতে হবে। সংগঠনে পুরনো কর্মীদের গুরুত্ব কমেছে।
যাঁরা দীর্ঘদিন লড়াই করে এলাকায় সংগঠন তৈরি করেছিলেন তাঁদেরকে মর্যদা দেওয়া হচ্ছেনা। প্রসঙ্গত, কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বহরমপুরে বৈঠক করতে এসেছিলেন। সেখানেও পুরনোদের অনেকেই ডাক পাননি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান এদিন রবিবার বলেন,"ওটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার তবে এটা স্পষ্ট ওই দলের অনেকেই নেতৃত্তের কাজে খুশি নন তাই তারা পদত্যাগ করছেন"।

Post a Comment