বাঁকুড়ার ধনসিমলায় যুগলের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; যুগলের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সোনামুখী থানার ধনসিমলা গ্রাম সংলগ্ন এলাকায় । মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ধনসিমলা গ্রাম লাগোয়া বেলপাহাড়ির জঙ্গলের একটি গাছে এক পুরুষ ও এক মহিলার মৃতদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয় । এরপর সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত দুজনের নাম মহাদেব ঘোষ ও মিতালী ঘোষ । দুজনেরই বাড়ি সোনামুখী থানার ভগবানপুর গ্রামে । বছর দুয়েক আগে মিতালী ঘোষের স্বামী মারা যায় ।
এরপরই বছর আটত্রিশের স্থানীয় বাসিন্দা মহাদেব ঘোষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বছর বত্রিশের মিতালী ঘোষ । এতদিন পর্যন্ত এই সম্পর্কের কথা সেভাবে জানতেন না গ্রামের মানুষ । মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয় ভগবানপুর গ্রামে । দ্রুত লোকমুখে তা ছড়িয়েও পড়ে । এরপরই লোকলজ্জায় দুজনে গ্রাম ছেড়ে পালিয়ে যান । গ্রাম ছাড়ার কয়েক ঘন্টা পর গ্রাম থেকে বেশ কিছুটা দূরে বেলপাহাড়ির জঙ্গলের একটি গাছের ডালে দুজনের মৃতদেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা । পুলিশ মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে । এর পিছনে অন্য কোনো কারন আছে কিনা তা খতিয়ে দেখছে সোনামুখী থানার পুলিশ ।

Post a Comment