ভুয়ো সরকারি আধিকারিক পরিচয়ধারী হেমব্রম গ্রেফতার - The News Lion

ভুয়ো সরকারি আধিকারিক পরিচয়ধারী হেমব্রম গ্রেফতার

 


দি নিউজ লায়ন;   ভুয়ো সরকারি আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে গ্রেফতার বেঞ্জামিন হেমব্রম। রবিবার দুপুরে তাকে রায়গঞ্জ থানার পুলিশ আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার কথায় নানা অসঙ্গতি মেলে বলে পুলিশ সুত্রে খবর। যদিও বেঞ্জামিন নিজেও স্বীকার করেছেন যে ন্যাশনাল হিউম্যান রাইটস্ কাউন্সিল নামের যে বোর্ড তার গাড়ির সামনে লাগানো রয়েছে সেটি আসলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু তারপরেও কেন এবং কিভাবে গাড়িতে কেন্দ্রীয় সরকারের ভুয়ো স্টিকার লাগানো হয়েছিল, তা নিয়ে যথেষ্ট সদুত্তর দিতে পারেন নি বেঞ্জামিন। 


রবিবার দুপুর থেকে টানা জিজ্ঞাসাবাদের পর পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে বেঞ্জামিন হেমব্রমের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৪১৯, ৪২০, ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করে পুলিশ। তাকে সোমবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে দুই দিনের পুলিশি রিমান্ড দিয়েছেন বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। 


এদিকে তাকে জেরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। নিজেকে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের আধিকারিক বলে পরিচয় দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে হেমতাবাদ ও রায়গঞ্জের একাধিক যুবক যুবতীদের কাছ থেকে টাকা হাতিয়ে গা-ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ পেয়েছে পুলিশ। সেইসঙ্গে গাড়িতে গভঃ অফ ইন্ডিয়ার স্টিকার সাটিয়ে জেলা ও জেলার বাইরেও রাজ্যের বিভিন্ন জায়গায় তার জাল বিছিয়েছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে। শুধু তাইই নয়, এরাজ্যের বাইরেও কোথায় কোথায় তার জাল বিস্তৃত তা খতিয়ে দেখছে পুলিশ। 


এদিন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ষ ভর্মার বক্তব্য, ধৃতকে জেরা করে তার জাল কতদূর ছড়িয়ে আছে তা জামার চেষ্টা চলছে। তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.