কাতার আন্তর্জাতিক ফল উৎসবে দাপট দেখালো মালদার আট প্রজাতির আম
দি নিউজ লায়ন; মধ্য এশিয়ার কাতারে আন্তর্জাতিক ফল উৎসবের নজর কাড়লো মালদার আম। মূলত মালদার লক্ষণভোগ, ফজলি, হিমসাগর সহ ৮ প্রজাতির আম সুনাম অর্জন করেছে। বিদেশের বাজারে এই আম বিক্রি হয়েছে ব্যাপক বলে জানা গিয়েছে। বিশ্ববাজারে মালদার আমকে যে ভাবে তুলে ধরার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার , তার ফল মিলেছে কাতারের আম উৎসব মেলায়। উল্লেখ্য সম্প্রতি কাতারের রাজধানী দোহায় দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। যেখানে এই প্রতিযোগিতামূলক উৎসবে অংশ নিয়েছিল মালদার বেশ কয়েকটি জাতের আম।
আর তাতেই ব্যাপক সুনাম অর্জন করেছে মালদার আম। উল্লেখ্য রাজ্য সরকারের উদ্যোগে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলা মালদা থেকে আট প্রজাতির আম কাতারে রপ্তানির ব্যবস্থা করেছিল। বুধবার এবং বৃহস্পতিবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই আম উৎসব। এই বিষয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা পশ্চিমবঙ্গ রপ্তানিকারক সংস্থার রাজ্য সম্পাদক উজ্জল সাহা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং অপেডার সহযোগিতায় মালদার বিখ্যাত ফজলি, হিমসাগর, লক্ষণভোগ সহ আট প্রজাতির আম পাড়ি দিয়েছিল সুদূর কাতারে।
প্রতিযোগিতামূলক এই উৎসবে অংশ নিয়ে নজর কাড়ে মালদার আম। ইতিমধ্যে মালদার আমের কদর বেড়েছে আন্তর্জাতিক আম উৎসবে। ফলস্বরূপ আরো দুই কন্ট্রেনার আমের বরাত পাওয়া গেছে। মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা আরো জানিয়েছেন, অদূর আগামীতে আরো বেশি করে মালদার আমের বাজার যাতে বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে তার উদ্যোগ নেওয়া হবে।

Post a Comment