পারিবারিক অশান্তির জেরে কাকিমাকে মারধরের অভিযোগ - The News Lion

পারিবারিক অশান্তির জেরে কাকিমাকে মারধরের অভিযোগ

 


দি নিউজ লায়ন;   পারিবারিক অশান্তির জেরে কাকিমাকে মারধরের অভিযোগ উঠল ভাসুরের ছেলের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার সীতানাথ বোস লেনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত মহিলাকে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। মারের চোটে মাথায় গুরুতর আঘাত লাগে কাকিমার। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ তুলেছেন আহত মহিলার পরিবার।


 পেশায় ফ্রিল্যান্স অভিনেত্রী মেয়ের অভিযোগ, তাঁর মাকে মেরে ফেলার অভিপ্রায় নিয়েই এমন ঘটনা ঘটানো হয়েছে। দোষীর উপযুক্ত শাস্তির দাবিও তুলেছেন তিনি। তিনি বলেন, আমি এবং আমার দাদা বাবা-মাকে দেখাশোনা করি। কর্মসূত্রে আমি সালকিয়ায় পেইং গেস্ট হিসেবে থাকি। এদিন আমি বাড়িতে মাকে ফোন করি। তখন ফোনে চিৎকার শুনি। জিজ্ঞাসা করলে বলে জ্যাঠার ছেলে মাকে মারছে।  দ্রুত থানায় যেতে বলে। সঙ্গে সঙ্গে থানায় চলে যাই। সেখানে বলা হয় আগে মেডিকেল করাতে হবে তারপর এফআইআর নেওয়া হবে। 


মাকে প্রায় ১৫ থেকে ২০ বার গ্রিলে মাথা ঠুকে দিয়েছে জ্যাঠার ছেলে। হাসপাতালে আনা হয়েছে মাকে। প্রায় তিন ঘন্টা ধরে রক্তপাত হয়ে চলেছে। নিগৃহীতার স্বামী জানান, সকালবেলা তাঁর স্ত্রীর সঙ্গে  কথা কাটাকাটি হয়। কদিন ধরেই এইরকম কথা কাটাকাটি চলছিল। ওরা চাইছিল আমরা এখান থেকে চলে যাই। দাদার ছেলে স্ত্রীর মাথা ঠুকে দেয় গ্রিলে। এতে স্ত্রী গুরুতর জখম হন। এদিকে, গোলাবাড়ি থানা সূত্রের খবর বিকেল পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি এই ঘটনায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.