নিষিদ্ধ এলাকা থেকে বালি তোলার অভিযোগে গ্রেফতার ৪
দি নিউজ লায়ন; দামোদরের নিষিদ্ধ এলাকা থেকে বালি তোলার অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটে গলসির সিমাসিমি মৌজা এলাকায়। ধৃতদের নাম শেখ আসিফ হোসেন, জাকির হোসেন, সুরজিৎ ঘোষ ও রঞ্জিৎ রুইদাস। গলসি থানার পুরষায় আসিফ ও জাকিরের বাড়ি। অপর দু’জনের বাড়ি গলসি থানারই শিল্যাগ্রামে। পুলিস জানিয়েছে, সিমাসিমি মৌজায় দামোদর থেকে যন্ত্রচালিত নৌকায় মেশিনের সাহায্যে বালি তোলা হচ্ছিল।
সেই বালি মজুত করে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে গলসি-১ বিএলআরও দপ্তরের কর্মীরা ও পুলিস সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ৪ জনকে ধরা হয়। যেখান থেকে বালি তোলা হচ্ছিল সেটি নিষিদ্ধ এলাকা। সেখান থেকে বালি তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তা অমান্য করেই যন্ত্রের সাহায্যে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছিল। ঘটনার বিষয়ে গলসি-১ বিএলআরও কৌশিক বন্দ্যোপাধ্যায় অভিযোগ দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে তাদের ধরা হয়। একটি যন্ত্রবাহিত নৌকা, জেসিবি, ট্রাক ও বালি তোলার মেশিন বাজেয়াপ্ত করেছে পুলিস। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে আসিফকে ৩ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। তাকে ২ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম। বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে রবিবার ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।

Post a Comment