আচমকা ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠল দুবাই বন্দর
দি নিউজ লায়ন; বুধবার গভীর রাতে আচমকা ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে দুবাই। পরে জানা যায়, দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলি বন্দরে নোঙর থাকা এক মালবাহী জাহাজে অগ্নিকাণ্ড থেকে এই বিপত্তি। মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও। সূত্রের খবর, বিস্ফোরণের অভিঘাত এতটা তীব্র ছিল যে প্রায় ১৫ কিলোমিটার দূরেও সেটি অনুভূত হয়। দুবাইয়ের রাতের আকাশ ভেদ করে আগুনের আভা দেখা যায় শহরজুড়ে। তবে, দুর্ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন দুবাইয়ের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা। আগুনের শিখাকে কাবু করতে জীবন ঝুঁকি নিয়ে কাজ করেন কর্মীরা। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে যাঁরা কর্মরত ছিলেন, তাঁরা আগেই বেরিয়ে যান। কোনো দাহ্য বস্তু আগুনে জ্বলে এই বিস্ফোরণ বলে কর্তৃপক্ষ জানায়।
তবে, কর্তৃপক্ষের দিক থেকে ঘটনাটিকে কিছুটা হালকা করার চেষ্টা চলছে। তারা বলছে, এ ঘটনার তদন্ত হচ্ছে, তবে এমন দুর্ঘটনা বিশ্বের যেকোনো স্থানে হতে পারে। দুবাইয়ের জেবেল আলি বন্দর বিশ্বের সবচেয়ে বড় মানব সৃষ্ট গভীর নৌবন্দর। কার্যত দুবাইয়ের জীবনীশক্তি বলা চলে এই বন্দরকে। যে জাহাজটিতে আগুন লেগেছিল, সেটি ছোট বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Post a Comment