আত্মসমর্পণ করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট
দি নিউজ লায়ন; পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯)। পুলিশ তাঁকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে বলে জানালে গতকাল বুধবার তিনি নিজে থেকেই বাড়ির কাছের একটি কারাগারে যান। এমনটাই সূত্রের খবর। গত ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তকারীদের তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা না করায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
গত রোববার তিনি আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে গতকাল বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন আদালত। পরে জুমার ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, জ্যাকব জুমা নিজেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। জ্যাকব জুমার মেয়ে দুদু জুমা-সাম্বুদলা টুইটে বলেন, ‘(বাবা কারাগারের পথে) যাত্রা করেছেন। তিনি ব্যাপক উজ্জীবিত রয়েছেন।’
জুমা এর আগে বলেন, ‘আমি জেলে যেতে প্রস্তুত। কিন্তু, এই বয়সে মহামারির এই সময়ে আমাকে জেলে পাঠানোর মানে হচ্ছে আমার মৃত্যুদণ্ড কার্যকর করা।’ নিজের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে জুমা আগে থেকেই বলে আসছিলেন যে, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। দক্ষিণ আফ্রিকার কোনো প্রাক্তন প্রেসিডেন্ট এর আগে কারাবন্দি হননি।

Post a Comment