পাহাড়ে পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে আরও কড়া হল নাকা চেকিং
দি নিউজ লায়নঃ পাহাড়ে পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে আরও কড়া হল নাকা চেকিং। একই সঙ্গে সতর্ক করা হল গাড়ি চালকদের ও। দার্জিলিং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিকিম এবং শিলিগুড়ি হয়ে যারাই দার্জিলিং, কালিম্পঙ বা কার্শিয়ঙে আসবেন তাদের নাকা চেকিং পেরিয়ে ঢুকতে হচ্ছে। সেখানে প্রত্যেকের করোনা সংক্রান্ত নথি পরীক্ষা করা হচ্ছে। করোনার দুটি টিকা নেওয়া হয়েছে তার সার্টিফিকেট বা ৭২ ঘণ্টা আগের করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হচ্ছে পর্যটকদের।
এই নথি না থাকলে কোনভাবেই পর্যটকদের পাহাড়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে এদিন শিলিগুড়ি বা সিকিম থেকে যারা পর্যটকদের পাহাড়ে নিয়ে আসেন সেই গাড়ি চালকদের সঙ্গেও বৈঠকে বসেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে গাড়িতে পর্যটকদের তোলার আগে যাবতীয় করোনা সংক্রান্ত জরুরী নথি আছে কি না তা জেনে নিতে হবে। না হলে তার দায় গাড়ি চালকদের ওপর পড়বে। সেক্ষেত্রে করোনা বিধি ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হতে পারে।

Post a Comment