রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো প্রথম শ্রেণীর এক ছাত্রের - The News Lion

রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো প্রথম শ্রেণীর এক ছাত্রের

 


দি নিউজ লায়নঃ   রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো প্রথম শ্রেণীর এক ছাত্রের। করোনা সংক্রমনের মধ্যে মালদায় রথ যাত্রার ওপর সাধারণ মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা থাকলেও, কিভাবে পুরাতন মালদার মাধাইপুর এলাকায় রথযাত্রা অনুষ্ঠিত হলো তা নিয়েও বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে । আর ওই এলাকাতেই রথের চাকায় পিষ্ট হয়ে সাত বছর বয়সী এক বালকের মৃত্যুর ঘটনার পর ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মাধাইপুর এলাকায় রূপ সনাতন মন্দির সংলগ্ন মাঠে।


এদিন রথযাত্রা উপলক্ষে মাধাইপুর এলাকার মাঠেই রূপ সনাতন কর্তৃপক্ষের তরফ থেকে রথ যাত্রার আয়োজন করা হয়। আর সেই রথেই নাকি চেপে বসেছিল প্রথম শ্রেণীর ওই বালক। এরপর বেসামাল হয়ে রথ থেকে পড়ে চাকার তলে ঢুকে যায় সে। ওই মুহূর্তে শরীরের ওপর দিয়ে কাঠের চাকা চলে যাওয়ায় পিষ্ট হয়ে যায় ওই ছাত্রটি। এরপর বিষয়টি জানাজানি হতেই এলাকাজুড়ে শোরগোল পড়ে যায় । ঘটনাস্থলে তদন্ত যায় পুরাতন মালদা থানার পুলিশ । যদিও করোনা পরিস্থিতির মধ্যে রথ পরিচালনা করা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।  তবে এব্যাপারে রূপ সনাতন মন্দির কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাই নি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃত বালকের নাম সঞ্জয় সাহা , বয়স সাত বছর । তার বাড়ি পুরাতন মালদা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কোর্ট স্টেশন সংলগ্ন বাচ্চাকলোনি এলাকায় । মৃত ছাত্রের বাবা সুমন সাহা, পেশায় রাজমিস্ত্রি। মা শিখা সাহা , গৃহবধূ । এদিন বিকেলে মাধাইপুর এলাকার রথযাত্রা দেখার জেদ ধরেছিল ওই বালক। এরপর মায়ের সাথে সেই এলাকায় রথযাত্রা উৎসব দেখতে যায়। আর সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.