আরপিএফ কর্মীর দ্বিখণ্ডিত দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ বুধবার গভীর রাতে উদ্ধার হল এক আরপিএফ কর্মীর দ্বিখণ্ডিত দেহ। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ঘুটিয়ারী শরিফ ষ্টেশনের কাছে। মৃতের নাম মলয় দাস (৫৭)। তাঁর বাড়ি উত্তরপাড়া থানা এলাকায় বলে আরপিএফ সূত্রে জানা গিয়েছে। সোনারপুর আরপিএফ অফিসে কর্মরত ছিলেন তিনি। বুধবার সন্ধ্যা থেকেই তিনি ডিউটি করছিলেন ঘুটিয়ারি শরিফের স্টেশনে।
মাঝরাতে ডিউটি চলাকালীন ডাউন ক্যানিং লাইনের উপর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। এই ঘটনার পর খবর দেওয়া হয় পরিবারকে। খুন, দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখছে রেল পুলিশ । সূত্রের খবর, এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়তে পড়তে রেহাই পান ওই আরপিএফ কর্মী। কয়েকদিন আগে ক্যানিং স্টেশন দুটি ট্রেনের মাঝে নালাতে পড়ে যান। সেই ঘটনায় কোমরে ব্যাপকভাবে চোট পান। কোমরে চোট পাওয়ার পর অসুস্থ ছিলেন বেশ কিছুদিন। বুধবার রাতে ঘুটিয়ারি শরিফের ডিউটি করার সময় কোনওভাবে রেললাইনের উপর পড়ে গিয়েছিলেন কিনা, সেটা নিয়েও সংশয় দেখা দিয়েছে। প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment