কুলতলিতে বাজ পড়ে মৃত ২
দি নিউজ লায়নঃ কুলতলিতে বাজ পড়ে দুইজন মৃত, আহত ২। বৃষ্টি থেকে বাঁচতে গাছের তলায় আশ্রয় নিয়েও শেষ রক্ষা হল না দুই ভাই-বোনের। বাজ সরাসরি গাছে এসে পড়ায় মৃত্যু হল দু’জনের। আহত হয়েছে আরও দুইজন। মৃতদের নাম অর্ধেন্দু হালদার(২৪), বিউটি মণ্ডল(১৩)। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে কুলতলি থানার কুন্দখালি-গোদাবর অঞ্চলের ট্যাংরাবিচি ও জালাবেড়িয়া এলাকায়। এর জেরে এলাকায় শোকের ছায়া নেমেছে। আহত উজ্জল হালদার, সনৎ সাফুই কুলতলির জামতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
পাশাপাশি কুলতলি থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিকে, ঘটনার খবর পেয়েই জামতলা হাসপাতালে যান কুলতলির বিধায়ক গনেশ মণ্ডল। মৃতদের পরিবারকে সমবেদনা জানান। বিধায়ক বলেন, একটি বেদনাদায়ক ঘটনা ঘটে গিয়েছে। মৃতদের পরিবারের পাশে আছি। যারা মারা গিয়েছেন তাঁদের পরিবার মুখ্যমন্ত্রীর ঘোষণামত ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। যারা আহত হয়েছেন তাঁদের পাশেও আছি। জানা গিয়েছে, এদিন দুপুরে ট্যাংরাবিচি এলাকার বাসিন্দা অর্ধেন্দু ও উজ্জল বাড়ির কাছে কৃষি জমিতে কাজ করছিলেন। সেই সময় আচমকা প্রচুর ঝড় বৃষ্টি হয়।
মুহুর্মুহু বাজ পড়তে থাকে। ওই দু’জন কদম গাছের তলায় আশ্রয় নেয়। এর মধ্যে রেশন তুলতে যাবার পথে বাজ পড়ায় বিউটিও তাঁদের মত গাছের তলায় এসে দাঁড়ায়। বিউটি আর অর্ধেন্দু সম্পর্কে খুড়তুতো ভাই-বোন। আচমকা বাজ এসে পড়ায় তিনজনই আহত হয়। তাঁদের কে স্থানীয়রা উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে অর্ধেন্দু ও বিউটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাসিন্দারা বলেন, বিউটি স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। অর্ধেন্দু বিবাহিত তার একটি ছেলে আছে। এই পরিবারের পাশে কেউ না দাঁড়ালে তাঁরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। অন্যদিকে, একই সঙ্গে জালাবেড়িয়া এলাকায় মাঠে কাজে যাবার সময় বাজ পড়ে আহত হয় সনৎ।

Post a Comment