সৈকত সুন্দরীর সৌন্দর্য উপভোগের সুযোগ না পেয়ে এবার বাড়ি ফিরতে হল বহু পর্যটককে
দি নিউজ লায়নঃ উইকেন্ডে অনেকেই ভেবেছিলেন দিঘা, মন্দারমনি, তাজপুর,শঙ্করপুর ঘুরে আসবেন। জানা ছিল না সরকারি নয়া নির্দেশিকা। ফলে নয়া বিধির জেরে সৈকত সুন্দরীর সৌন্দর্য উপভোগের সুযোগ না পেয়ে এবার বাড়ি ফিরতে হল বহু পর্যটককে। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় ভ্রমণের জন্য ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। যেখানে প্রত্যেক পর্যটকদের কাছে থাকতে হবে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট অথবা ২৪ ঘণ্টার মধ্যের করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক।
জেলা প্রশাসনের নয়া এই বিধির জেরে শুক্রবার থেকে দিঘায় ঢোকার মুখ থেকে বাড়ি ফিরতে হল বহু পর্যটককে। শুক্রবার রাতে কয়েকশো পর্যটককে দিঘার দোড়গোড়া থেকে প্রশাসনের তরফ থেকে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে গত সোমবার একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা, মন্দারমনি, তাজপুর, শঙ্করপুরের মতো পর্যটন কেন্দ্রগুলো উপভোগ করতে পর্যটকদের বিশেষ বিধি মেনে প্রবেশ করতে হবে।
জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পর্যটকদের প্রবেশের জন্য কোভিডের দুটি টিকা প্রাপ্তরা ঢুকতে পারবেন। অথবা ৪৮ ঘণ্টার মধ্যে করানো অ্যান্টিজেন বা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকলে প্রবেশ করতে পারবেন। এই শর্তগুলি সঠিকভাবে পূরণ করতে না পারলে পর্যটকদের জন্য এন্ট্রি নেই সৈকত শহরে। ঢোকা যাবে না কোন হোটেল কিংবা কটেজেও। সরকারি নয়া এই নির্দেশ জানতে না পেরে দিঘায় এসে ফাঁপড়ে পড়লেন বহু পর্যটক। শুক্রবার সন্ধ্যায় দিঘা বাইপাসের কাছে রামনগর- ১ ব্লকের বিডিওর নেতৃত্বে স্থানীয় পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা তল্লাশিতে নামেন।
যেখানে সমস্ত পর্যটকদের গাড়ি আটকে তাদের ভ্যাক্সিনেশন সার্টিফিকেট অথবা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখা হয়। বহু পর্যটকর কাছে তা না থাকায় তাদের নমস্কার করে বাড়ি পাঠিয়ে দেন রামনগর- ১ ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায়। এদিন প্রায় ২০০র কাছাকাছি পর্যটককে বাড়ি ফিরে যেতে হয় রাস্তা থেকেই। পর্যটকদের একাংশের মত, তাদের কাছে নতুন এই নিয়ম স্পষ্ট ছিল না। অনেকেই ভেবেছিলেন এই নিয়ম কেবলমাত্র হোটেল কিংবা কটেজে প্রবেশ করার জন্য। কিন্তু একেবারে সৈকতে বেড়ানোর জন্য এই শর্ত অনেকের কাছেই অস্পষ্ট ছিল।
এদিন যে সমস্ত পর্যটকরা টিকার শংসাপত্র কিংবা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে পেরেছেন তাদের স্বাগত জানিয়ে পর্যটন শহরে প্রবেশ করানো হয়। করোনা সংক্রমণ রুখতে প্রশাসনের এরূপ কড়া মনোভাবকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। রামনগর- ১ ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় বলেন, "আমরা এখনও পর্যন্ত প্রায় দুশোজনের বেশি পর্যটককে শর্ত মানতে না পারায় বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমাদের এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে। ভ্রমণের জন্য পর্যটকদের আসতে হলে ডবল ডোজের ভ্যাক্সিনেশন সার্টিফিকেট অথবা ৪৮ঘন্টার মধ্যের করোনা নেগেটিভ রিপোর্ট লাগবেই।"

Post a Comment