নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির
দি নিউজ লায়নঃ নৌকা থেকে মাঝ নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে নদীয়ার নবদ্বীপ স্বরুপগঞ্জ ঘাটে। জানা যায়, এই দিন বিকেলে স্বরুপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপে আসার জন্য অজ্ঞাতপরিচয় বছর পঞ্চাশের ওই ব্যক্তি নৌকায় ওঠেন। এরপর নৌকো ছেড়ে দিলে হঠাৎ তিনি সাঁতরে নদী পার হবেন বলে গঙ্গায় ঝাঁপ দেন। ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন সেই মুহূর্তে উপস্থিত নৌকার মাঝি ও প্রত্যক্ষদর্শীরা।
প্রাথমিক অবস্থায় কিছুটা সাঁতার কাটলেও পরবর্তী সময়ে জলে তলিয়ে যাওয়ার মুহূর্তে নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে দিক থেকে আসা একটি ডিঙ্গি নৌকা উদ্ধার করে ফেলে তাঁকে। এরপর মাঝি ও নৌকা যাত্রীদের সহযোগিতায় সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে নবদ্বীপ ফেরিঘাটে নিয়ে আসা হয়। পাশাপাশি খবর দেয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অজ্ঞাত পরিচয় ওই মৃত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা চালানোর পাশাপাশি সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Post a Comment