নদীতে তলিয়ে যেতে থাকা এক যুবককে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন উদ্ধারকারী দুই ব্যাক্তি
দি নিউজ লায়নঃ স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে যেতে থাকা এক যুবককে বাঁচাতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল উদ্ধারকারী দুই ব্যাক্তি । আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া থানার তেঘরিয়া গ্রামে । জানা গেছে দুই ব্যাক্তির নাম সঞ্জয় বাউরী ও লক্ষ্মীকান্ত মন্ডল । নিখোঁজ দুই ব্যাক্তির সন্ধান চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী । স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার মেজিয়া থানার তেঘরিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গাইঘাটা জোড় নামের স্থানীয় একটি নদীতে আজ দুপুরে স্নান করতে যায় স্থানীয় খয়েরবনি গ্রামের দুই যুবক ।
স্নান করার সময় ভরা নদীতে সাঁতার কেটে নদী পারাপার করার চেষ্টা করে ওই দুই যুবক । নদী পারাপারের সময় এই দুই যুবকের মধ্যে এক যুবক জলের স্রোতে তলিয়ে যেতে থাকে । বিষয়টি নজরে আসে ওই নদীতে স্নান করতে আসা তেঘরিয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় বাউরী ও লক্ষ্মীকান্ত মন্ডলের । যুবকটিকে বাঁচাতে ওই দুজনেই ঝাঁপ দেন নদীর জলে । পরে তলিয়ে যেতে থাকা যুবক কোনোক্রমে নদীর পাড়ে উঠে এলেও নদীর জল থেকে উঠতে পারেননি সঞ্জয় ও লক্ষ্মীকান্ত । স্থানীয়রা প্রাথমিক ভাবে নদীর জলে খোঁজাখুঁজি করলেও ওই দুজনের সন্ধান না মেলায় খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । পরে বাঁকুড়া থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে নদীতে বোট নামিয়ে উদ্ধার কাজ শুরু করে । যদিও বিকাল পর্যন্ত ওই দুই ব্যাক্তির সন্ধান মেলেনি বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা ।

Post a Comment