লজেন্সের টোপ দিয়ে শিশুকে যৌন নির্যাতন, উত্তপ্ত ডোমজুড়
দি নিউজ লায়নঃ ৭ বছরের শিশুকে লজেন্সের লোভ দেখিয়ে ঘরের মধ্যে আটকে রেখে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তের নাম সালাম শেখ (৬৫)। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল ডোমজুড়ের বাঁকড়া গাজিপাড়া। এদিন উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ভাঙচুরের পাশাপাশি আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়। যদিও ঘটনার পর থেকেই সপরিবারে অভিযুক্ত সালাম শেখ পলাতক। বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে গাজী পাড়ার বাসিন্দা সালাম শেখ মানুষের সমস্যা দূর করার নাম করে দীর্ঘদিন ধরে এলাকায় মাদুলি তাবিজ কবজ বিক্রি করতো। অভিযোগ গত শুক্রবার বিকেলে অভিযুক্ত সালাম শেখ প্রতিবেশী শিশুটিকে লজেন্সের লোভ দেখিয়ে নিজের দোকানে নিয়ে আসে। এরপর তার ওপর যৌন নির্যাতন করে। পরে শিশুটি বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে তার মা-বাবা তাকে ডোমজুড় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকের সামনে শিশুটি গোটা বিষয়টি জানায়।
পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এদিকে শিশুদের উপর যৌন নির্যাতনের বিষয়টি এলাকায় জানাজানি হতে মঙ্গলবার দুপুরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় এবং বাড়ি থেকে আসবাবপত্র রাস্তায় বের করে তাতে আগুন ধরিয়ে দেয়। তানিয়া বাসিন্দাদের অভিযোগ এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে নানা ধরনের অপকর্মের অভিযোগ উঠেছিল। এদিন তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করে।

Post a Comment