দুই গোষ্ঠীর মারপিটের ঘটনায় গ্রেপ্তার ৭ - The News Lion

দুই গোষ্ঠীর মারপিটের ঘটনায় গ্রেপ্তার ৭

 


দি নিউজ লায়নঃ  বর্ধমান শহরের পিরবাহারাম এলাকায় দুই গোষ্ঠীর মারপিটের ঘটনায়  পুলিস ৭ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বাড়ি বর্ধমানের পিরবাহারাম এলাকাতেই ঘটনাটি ঘটে বর্ধমান থানা এলাকায়। পুলিস জানিয়েছে, কয়েকমাস আগে একটি ক্লাবের দখলদারিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তাতে মহম্মদ আকবর ওরফে কালো নামে এক ব্যক্তি খুন হন। 


ঘটনায় বেশ কয়েকজন জখম হন। তাতে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে পুলিস গ্রেপ্তার করে। ঘটনার পর প্রায় ২৫টি পরিবার এলাকাছাড়া হয়। কিছুদিন আগে ঘরছাড়া পরিবারগুলি এলাকায় ফেরার চেষ্টা করে। অপর গোষ্ঠী তাতে বাধা দেয়। এনিয়ে সংঘর্ষ হয়। এলাকায় কয়েকদিন পুলিস ক্যাম্প বসানো হয়। ফেরার জন্য ঘরছাড়া পরিবারগুলি প্রশাসনের নানা মহলে আবেদন করে। যদিও প্রশাসনের তরফে পরিবারগুলিকে ফেরানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। 


ঈদের আগে সোমবার ভোরে খুনের মামলায় জামিন পাওয়া অভিযুক্তরা এবং ঘরছাড়া পরিবারগুলি এলাকায় ফিরে আসে। অপর গোষ্ঠী তাতে বাধা দেয়। এনিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিস। ক্লাবের পিছন থেকে ৫টি তাজা বোমা উদ্ধার হয়। বিকালে সদরঘাটে দামোদরের চরে সিআইডির বিশেষজ্ঞরা বোমাগুলি নিষ্ক্রিয় করেন। 


ঘটনার বিষয়ে মৃত আকবরের স্ত্রী পাকিজা বেগম থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বাড়িতে হামলা চালানো হয়। এমনকি মামলা তোলার জন্য চাপ দেওয়া হয়। অভিযোগ পেয়ে পুলিস মারধর, এলাকায় অশান্তি পাকানো, বিস্ফোরক ও সাক্ষীদের ভীতি প্রদর্শনের ধারায় মামলা রুজু করেছে। এনিয়ে পাল্টা অভিযোগও জমা পড়েছে। তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। যদিও সেই অভিযোগের ভিত্তিতে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.