তৃণমূলের শহীদ দিবসে বিজেপির পাল্টা গণতন্ত্র বাঁচাও পশ্চিমবঙ্গ বাঁচাও পালন
দি নিউজ লায়নঃ করোনা পরিস্থিতির মাঝে বুধবার তৃণমূলের শহীদ দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার প্রতিটি অঞ্চলের প্রতিটি বুথে দিনটি পালনের উদ্যোগ নিয়েছে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দলীয় সূত্রে খবর বুধবার সকালে প্রতিটি বুতে করোনা সুরক্ষা বিধি মেনে দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদানের পাশাপাশি দুপুরে একাধিক জায়গায় এলইডি টিভির মাধ্যমে দলনেত্রীর ভার্চুয়াল ভাষণ সম্প্রচার করা হবে। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত পাল জানান বুধবার জেলার প্রায় ২৩০০ বুথে শহীদ দিবস পালন করা হবে। শহীদদের স্মৃতি তর্পণ, রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হবে। সুকান্ত পাল জানান বুধবার লক্ষাধিক যুবক-যুবতী সোশ্যাল মিডিয়ায় দলনেত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ শুনবে।
অন্যদিকে বুধবার জেলা জুড়ে তৃণমূলের শহীদ দিবসের পাল্টা গণতন্ত্র বাঁচাও পশ্চিমবঙ্গ বাঁচাও পালন করবে বিজেপি। বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রদ্যুৎ মন্ডল জানান রাজ্যে গণতন্ত্র লুন্ঠিত হচ্ছে। তৃণমূল একদিকে মানুষকে খুন করছে অন্যদিকে শহীদ দিবস পালন করছে। এখন শহীদ দিবস ভন্ডামিতে পরিণত হয়েছে। আর সেই কারণেই বুধবার রাজ্যে গণতন্ত্র বাঁচাও দিনটি পালন করা হবে।
অন্যদিকে বিজেপির গণতন্ত্র বাঁচাও দিবস কে কটাক্ষ করেছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায়। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতৃত্বে এই রাজ্যে গণতন্ত্র সুরক্ষিত আছে। যারা গণতন্ত্র রক্ষা করার কথা বলছেন তারা দিল্লি উত্তরপ্রদেশে গিয়ে গণতন্ত্র রক্ষা করুক।

Post a Comment