রেল অবরোধ করে বিক্ষোভ চেঙ্গাইল স্টেশনে
দি নিউজ লায়ন; স্টাফ স্পেশালে মহিলা যাত্রীদের উঠতে বাধা দেওয়ার পাশাপাশি জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ও দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশনে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে মহিলা যাত্রীরা রেললাইনের উপর বসে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় বাসিন্দারা। রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও বিক্ষোভকারীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। অবিলম্বে ট্রেনে সমস্ত যাত্রীদের উঠতে দিতে হবে এই দাবিতে সরব হয় মহিলা যাত্রীরা।
করোনা সংক্রমনের গ্রাফ রাজ্যে নিম্নমুখী হলেও এখনো লোকাল ট্রেন চালাতে চাইছে না রাজ্য সরকার। নিত্যযাত্রীদের কথা ভেবে গত ১ জুলাই থেকে রাজ্যে বাস পরিষেবা চালু হয়েছে। যদিও এখনো পর্যন্ত সেভাবে রাস্তায় বাস না নামায় ভোগান্তি কাটছেনা নিত্যযাত্রীদের। হলে অধিকাংশ যাত্রীই স্টাফ স্পেশালের উপর ভরসা করছে। আর এতেই সমস্যা তৈরি হচ্ছে। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ একটি স্টাফ স্পেশাল চেঙ্গাইল ষ্টেশনে থামলে মহিলা যাত্রীরা ট্রেনে উঠতে যায়।
অভিযোগ সেই সময় রেলের নিরাপত্তা রক্ষীরা তাদের ট্রেনে উঠতে বাধা দেয়। ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে মহিলা যাত্রীরা। আর এর পরেই ক্ষুব্ধ মহিলা যাত্রীরা রেললাইনের উপর বসে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় বাসিন্দারা। রেল অবরোধের খবর পাওয়ার পর রেলওয়ে নিরাপত্তা রক্ষী বাহিনীর পাশাপাশি উলুবেড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দফায় দফায় আলোচনা করে বিক্ষোভকারীদের সঙ্গে।
যদিও লোকাল ট্রেন চালানোর পাশাপাশি স্টাফ স্পেশালে সবাইকে উড়তে দেওয়ার দাবিতে অনড় থাকে মহিলা যাত্রীরা। তাদের দাবি বেশ কিছু ক্ষেত্রে যেরকম ট্রেনে উঠতে বাধা দেওয়া হচ্ছে সেই রকম আবার কোন সময় মাঝপথে ট্রেন থেকে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। ফলে চরম সমস্যায় পড়ছে তারা। মহিলা যাত্রীদের অভিযোগ শুধু তাদের ক্ষেত্রেই নয় পুরুষ যাত্রীদেরও ট্রেন থেকে নামিয়ে দেয়ার পাশাপাশি মোটা টাকার জরিমানা আদায় করা হচ্ছে।
করোনা সংক্রমণের জন্য যদি তাদের ট্রেনে উঠতে না দেওয়া হয় তাহলে যারা প্রতিদিন ট্রেনে করে যাচ্ছেন তাদের জন্য কি করোনা ছড়াবে না এই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। এদিকে দীর্ঘক্ষন রেল অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার একাধিক ট্রেন। সমস্যায় পড়ে যাত্রীরা। দীর্ঘক্ষন ট্রেনে আটকে থাকার পর অনেকেই আবার অন্যান্য যানবাহন ধরে গন্তব্যস্থলের দিকে রওনা দেয়।

Post a Comment