মেডিক্যাল কলেজে ভর্তি করার নাম করে বারো লক্ষ টাকা প্রতারনার অভিযোগ
দি নিউজ লায়ন; মেডিক্যাল কলেজে ভর্তি করার নাম করে বারো লক্ষ টাকা প্রতারনা করার অভিযোগে দু জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার কলকাতা থেকে ধৃত দু জনকে নিয়ে এসে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। শুভাশিস পতি এবং নিতু রায় নামে দুজনকে বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম জেলা পুলিশ কলকাতা পুলিশের সহযোগিতায় কলকাতা থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই পুরুষ ও মহিলার কাছ থেকে দুটি ল্যাপটপ,বেশ কয়েকটি ফোন এবং বেশ কিছু নথি পত্র উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, ঝাড়গ্রাম শহরের বাসিন্দা অর্নব ঘোষ দাস ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঝাড়গ্রাম সাইবার ক্রাইমে তাকে মেডিক্যাল কলেজে ভর্তির নাম করে বারো লক্ষ টাকা প্রতারনা করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন।অভিযেগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অর্নব ঘোষ দাসের বাবা করোনা আক্রন্ত হয়েছিলেন কয়েক মাস আগে।সেই সময় অভিযুক্ত নিজেকে শুভাশিস আগরওয়াল পরিচয় দিয়ে ফোন করেছিল।অর্নবের মা ফোন ধরলে তাকে বলে ছেলেকে মেডিক্যাল কলেজে ভর্তি করে দিতে পারবে সে।পরে ঝাড়গ্রামের বাড়িতে শুভাশিস একবার আসে।বারো লক্ষ টাকার বিনিময়ে ভর্তি করার জন্য লাগবে বলে জানায়।এরপর অন লাইনে সেই টাকা অর্নবের পরিবার দেয়।অর্নবকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে আসতে বলে।সেখানে সারাদিন অপেক্ষা করার পরেও কারো দেখা মেলেনি।তারপর থেকে ওই ব্যক্তির ফোন সুইচ অফ হয়ে যায়। তখনই তারা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।ঝাড়গ্রাম সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন অর্নব।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারটির কাছে আরো ষাট লক্ষ টাকা চাওয়া হয়েছিল। এদের সাথে বড় কোন চক্র রয়েছে কিনা তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।শুক্রবার ধৃত দুই জনকে আদালতে তোলা হলে বিচারক ধৃত শুভাশীষ পতি কে চার দিনের পুলিশ হেফাজতে ও নিতু রায় কে চার দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

Post a Comment