ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল হাওড়ার ইস্ট ওয়েস্ট বাইপাসে
দি নিউজ লায়নঃ ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল হাওড়ার ইস্ট ওয়েস্ট বাইপাসে। এলাকার একটি বহুতলে ব্যবসায়ীর ফ্ল্যাটে ওই ঘটনা ঘটে। পাশের ফ্ল্যাটের দেওয়ালে উঠে বাথরুমের জানলা ভেঙে ঘরে ঢুকে সাড়ে তিন ভরি সোনার গহনা ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তিনদিনের জন্য কলকাতার ফ্ল্যাটে বিশেষ কাজে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেই সুযোগকে কাজে লাগিয়ে ফুল ব্যবসায়ীর ফ্ল্যাটে চুরি হয়।
তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ।ঘটনা প্রসঙ্গে পরিবারের সদস্যা লক্ষ্মীদেবী জানান, দু-তিনদিন হাওড়ার বাড়িতে আসিনি। ঘরে তালা ছিল। সেই সুযোগে ঘরের জানালা ভেঙে ভিতরে ঢুকে প্রায় সাড়ে তিন ভরি সোনার গয়না ৪৫ হাজার টাকা নগদ চোরেরা সব নিয়ে চলে গেছে। দরজা ভেঙে দিয়েছে। বাথরুমের জানালা দিয়ে কাচ খুলে ঢুকে এমন ঘটনা ঘটিয়েছে। অন্য জায়গায় আমাদের ফুলের ব্যবসা আছে। সেখানেই থাকি।
আজ সকালে ঘরে এসে দেখি ভিতর থেকে ছিটকিনি দেওয়া আছে। দরজা খুলতে না পেরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি সব ঘরের তালা ভাঙা। জিনিসপত্র, গয়না কিছুই নেই। এক প্রতিবেশী জানান, দু-তিনদিন বাড়িতে এরা ছিলেন না। এনাদের না থাকার সুযোগ নিয়ে এই ঘটনা ঘটেছে। এলাকার কিছু ছেলে আছে যারা বছরখানেক ধরে চুরি করছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এই নিয়ে বারেবারে থানায় অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কিছু হয়নি।

Post a Comment