বাঁকুড়ায় তৃনমূল শিক্ষক সংগঠনের আন্দোলন
দি নিউজ লায়নঃ শিশু পাচার কান্ডে বাঁকুড়ায় গ্রেফতার হওয়া কেন্দ্র সরকার পরিচালিত জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়ার কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে পথে নামল তৃনমূলের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃনমূল মাধ্যমিক শিক্ষক সমিতি । বৃহস্পতিবার ওই অধ্যক্ষর শাস্তির দাবিতে মিছিল করার পাশাপাশি বাঁকুড়া জেলার ডিআই এর দফতরে ও জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখায় ওই সংগঠন ।
ওই শিক্ষক সংগঠনের তরফে এদিন দাবি করা হয় অভিযুক্ত অধ্যক্ষর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের । বিজেপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানে দুজনকে একসাথে দেখা গেছে বলে দাবি করে এদিন বিজেপি সাংসদের পদত্যাগের দাবিও তোলেন বিক্ষোভকারীরা ।
এদিনের বিক্ষোভ ও মিছিলে নেতৃত্ব দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, ‘ শিশু পাচার কান্ডে ওই অধ্যক্ষর যুক্ত থাকার ঘটনা প্রতিটি শিক্ষককে লজ্জিত করেছে । শিক্ষকতার মতো মহান পেশাকে কালিমালিপ্ত করেছেন ওই অধ্যক্ষ । গোটা ঘটনার দ্রুত পূর্নাঙ্গ তদন্ত করে ওই অধ্যক্ষর কঠোর শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি এই ঘটনায় বিজেপি সাংসদের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে আমরা আবেদন জানিয়েছি’ ।

Post a Comment