বিদ্যালয় থেকে মিড-ডে-মিলের সামগ্রী চুরি
দি নিউজ লায়ন; প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে-মিলের সামগ্রী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের খলিসা গোসানিমারী রাজপাঠ ৫ম পর্যায় পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয় কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার ছাত্র-ছাত্রীদের মিড-ডে-মিলের সামগ্রী বিতরণ করার কথা ছিল।
সেইমত সকাল ১১টা নাগাদ যখন ছাত্র-ছাত্রীদের মিড-ডে-মিলের সামগ্রী বিতরণ করার জন্য বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত সেন ও রাধুনিরা বিদ্যালয়ে আসেন, তখন তারা দেখেন মিড-ডে মিলের চাল, ডাল সহ অন্যান্য সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এরপর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সবকিছু খতিয়ে দেখার পর জানা যায়, প্রায় ৪১ কেজি মুসুর ডাল, ১৬২পিস সাবান, ৭ কেজি সয়াবিন চুরি হয়েছে।
দুষ্কৃতীরা গতকাল রাতে বিদ্যালয়ের টিনের চালের ফাঁকা জায়গা দিয়েই সেইসব সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে প্রাথমিক অনুমান করেছেন বিদ্যালয় কতৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্যালয় সংলগ্ন এলাকায়। সহকারী প্রধান শিক্ষক জানান, বছর তিনেক আগেও স্কুলের ফ্যান চুরি হয়েছিল। আজ আবারও এসব চুরির কারণে আমরা উদ্বিগ্ন। সহকারী প্রধান শিক্ষক দেবব্রত সেন আরও বলেন, এই বিষয়ে আমরা থানায় লিখিত অভিযোগ জানাবো।
Post a Comment