বিজেপির দখলে থাকা বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতি ও বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতও দখল নিতে চলেছে তৃণমূল - The News Lion

বিজেপির দখলে থাকা বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতি ও বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতও দখল নিতে চলেছে তৃণমূল

 


দি নিউজ লায়ন;   আবার বিজেপি–কংগ্রেসে বড়সড় ভাঙন  পুরুলিয়ায়। একাধিক পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন। ফলে  বিজেপির দখলে থাকা বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতি ও বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতও দখল নিতে চলেছে তৃণমূল । সেইসঙ্গে বাঘমুন্ডি ব্লকের তুনতুড়ি–সুইসা গ্রাম পঞ্চায়েত ও ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের আরও শক্তি বাড়ল। তাছাড়ও ওই দুই ব্লক এলাকায় একাধিক বিজেপি–কংগ্রেস নেতৃত্ব সহ শহর পুরুলিয়ার বিজেপির মহিলা মোর্চা ও কংগ্রেসের নেত্রী মিলে তাদের সঙ্গে ৭০ জন কর্মী তৃণমূলে যোগদান করেন। 


বৃহস্পতিবার পুরুলিয়া দুলমির জেলা তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি গুরুপদ টুডু। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো।এদিন  জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, “বিজেপির প্রতি মোহ ভঙ্গ হচ্ছে দলের নেতা–কর্মীদেরই। আর কিছুদিন পর এই জেলায় বিজেপি বলে কিছু থাকবে না।একাধিক ব্লক এলাকায় ত্রি–স্তর গ্রাম পঞ্চায়েত সহ তাদের সংগঠনের বহু নেতা–কর্মী আমাদের দলে যোগদানের জন্য যোগাযোগ করছেন।” 


পুরুলিয়া জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সহ–সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত্য সহ বিজেপির এক কর্মাধ্যক্ষ সুধীর মাহাতো ও দুই সদস্য সুষেন মাহাতো, মৃত্যুঞ্জয় কুমার সহ মোট চার সদস্য তৃণমূলে যোগ দেন। এই পঞ্চায়েত সমিতিতে মোট আসন ২১টি। গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে বিজেপি জেতে ন’টি আসন।তৃণমূল জেতে ছ’টি আসনে।কংগ্রেস পায় পাঁচটি আসন।ফরওয়ার্ড ব্লক দখল করে একটি। ফলে বিজেপি ও কংগ্রেস মিলে বোর্ড গঠন করে। বিজেপির সদস্য সভাপতি হন। সহ–সভাপতি হন কংগ্রেসের। 


বোর্ড গঠনের পর কংগ্রেসের দুই সদস্য তৃণমূলে এলে শাসক দলের সদস্য বেড়ে হয় আট।কংগ্রেসের কমে হয় তিন।এদিন কংগ্রেসের এক সদস্য তৃণমূলে আসায় তাদের সদস্য সংখ্যা হল দুই।তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। বিজেপির কমে হল পাঁচ। ফলে খুব শীঘ্রই সভাপতির বিরুদ্ধে অনাস্হা এনে খাতায়–কলমে এই সমিতি তৃণমূল দখল নিতে চলেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.