নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ওঝা
দি নিউজ লায়ন; নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিস এক ওঝাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে মেমারি থানা এলাকায়। ধৃতের নাম সুদেব মালিক। মেমারি থানার উলাড়া গ্রামের সায়েরপাড় এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, বছর তেরোর ওই নাবালিকার বাড়ি মেমারি থানা এলাকায়। কিছুদিন ধরে সে অসুস্থ। শুক্রবার বিকেলে মেয়েটির মা তাকে সুদেবের কাছে ঝাড়ফুঁক করতে নিয়ে যায়। মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায় সুদেব। আধ ঘন্টা পরও দরজা না খোলায় মেয়েটির মায়ের চিন্তা হয়।
তিনি দরজায় ধাক্কা দেন। এরপরই দরজা খুলে দেয় সুদেব। ভিতরে গিয়ে মেয়েকে কাঁদতে দেখেন তার মা। মেয়েটি মাকে জানায়, সুদেব তাকে ধর্ষণ করেছে। এরপরই বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারের অন্যান্যদের জানান নাবালিকার মা। রাতেই ঘটনার কথা জানিয়ে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে পকসো অ্যাক্টের ৪ ধারায় মামলা রুজু করেছে পুলিস। এরপরই তদন্তে নেমে শুক্রবার রাতে বাড়ি থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ধৃতের এবং নাবালিকার পরনের পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিস। নাবালিকার মেডিকেল টেস্ট করানো হয়েছে। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৫ দিন পুলিসি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। পাশাপাশি নির্যাতিতার গোপন জবানবন্দি নথিভুক্ত করানোর জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার বর্ধমানের পকসো আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। পকসো আদালতে সব ক’টি আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক।

Post a Comment