টানা বৃষ্টিতে জলমগ্ন গ্রাম, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
দি নিউজ লায়ন; একটানা বৃষ্টির পাশাপাশি বেহাল নিকাশি ব্যবস্থার জেরে জলমগ্ন হয়ে পরল উলুবেড়িয়া পূর্ব বিধানসভার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপোতা গ্রামের ২৭ এবং ২৮ নং বুথ। বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এইসব এলাকা। বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় পড়ে সাধারণ মানুষ। আর এই ঘটনার প্রতিবাদে কয়েকশো ক্ষুব্দ গ্রামবাসী শুক্রবার সকালে ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে। অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা করতে হবে এই দাবিতে গ্রামবাসীরা প্রায় ঘন্টাখানেক জাতীয় সড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশের হস্তক্ষেপে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রামিজ মোল্লা অভিযোগ করেন দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তারা এই জল যন্ত্রণায় ভুগছে। প্রশাসনের সর্বস্তরে এই বিষয়ে অভিযোগ জানালেও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে আজ পথ অবরোধের শামিল হয়েছে। অধিকাংশ গ্রামবাসীর অভিযোগ বেহাল নিকাশীর কারণে অল্প বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তাঘাট থেকে বাড়ি ঘর সবকিছুই জলের তলায় চলে যায়।
তাদের অভিযোগ এলাকায় একের পর এক কারখানা তৈরির পাশাপাশি জাতীয় সড়ক সম্প্রসারণ হওয়ায় এই বিপত্তি। গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুবের আলম। তিনি বলেন ২০১১ সাল থেকে এই সমস্যায় ভুগছে এলাকার মানুষ। আমরা স্থানীয় বিধায়ক এর সাথে বসে সমস্যা সমাধানের চেষ্টা করছি। অন্যদিকে যন্ত্রণা সম্পর্কে উলুবেরিয়া পূর্ব বিধানসভার বিধায়ক বিদেশ বসু জানান বৃহস্পতিবার তিনি নিজের এলাকা পরিদর্শন করেছেন।
শুক্রবার তিনি নিজে গ্রামবাসীদের সঙ্গে উলুবেড়িয়া দু'নম্বর বিডি অফিসে গিয়ে বিডিও এর সাথে সাক্ষাৎ করবেন এবং সমস্যা সমাধানে উদ্যোগী হবেন। অন্যদিকে বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বাগনানের এন ডি ব্লক। একাধিক বাড়িতে জল ঢুকে যাওয়ার পাশাপাশি বাগনান গ্রামীণ হাসপাতাল জলমগ্ন হয়ে পড়ে। সমস্যায় পরে হাসপাতালে রোগী ও তাদের আত্মীয় পরিজনরা। জল পেরিয়ে তাদের যাতায়াত করতে দেখা যায়। রোগীর পরিবারের অভিযোগ প্রতিবছর বর্ষাকালে হাসপাতাল চত্বর এইভাবে জলমগ্ন হয়ে পড়ে সমস্যায় পড়ে তারা।

Post a Comment