নিছক পায়রা চোর সন্দেহে নাবালক স্কুল পড়ুয়াকে গণধোলাই!
দি নিউজ লায়ন; নিছক পায়রা চোর সন্দেহে বছরের চৌদ্দ এর এক নাবালক কে বাড়িতে আটকে রেখে বেধড়ক প্রহারের অভিযোগ উঠল ঐ বাড়ির সদস্যদের বিরুদ্ধে। পরবর্তীতে ওই কিশোরকে বৃহস্পতিবার লালগোলার রাজবাড়ীর কলকলি নদীর পাশ থেকে জখম অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে। ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এরপরই ওই নাবালক রাজ শেখ এর পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন।
প্রসঙ্গত, স্থানীয় চামাপাড়া এলাকার এক মাদ্রাসার নবম শ্রেণীর ঐ ছাত্র সঙ্গে তার কয়েকজন বন্ধুকে নিয়ে লালগোলা সবজি বাজার সংলগ্ন স্থানীয় প্রয়াত নিরাজ বিশ্বাসের বাড়ি থেকে গভীর রাতে পায়রা চুরি করতে যায় বলে অভিযোগ। বাড়ির সদস্যদের তাড়া খেয়ে রাজের সঙ্গে থাকা তার বন্ধুরা পালিয়ে যেতে পারলেও রাজ ঐ বাড়ির মালিক কাজল শেখ এর হাতে ধরা পড়ে যায়।এর পরেই কাজল শেখ সহ আরও কয়েকজন ওই নাবালকের ওপর চড়াও হয়ে তাকে বেদম প্রহার করে বলে অভিযোগ।
দীর্ঘক্ষন কেটে যাওয়ার পরেও ওই কিশোর বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এর পরেই তার মা চামেলি বিবির কাছে খবর এসে পৌঁছায় তার ছেলেকে কেউ পায়রা চোর সন্দেহে আটকে রেখে বেদম প্রহার করেছে।সেইমতো ওই কিশোরের মা কাজল শেখের বাড়িতে এসে হাজির হয় তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু দীর্ঘক্ষণ সময় কেটে গেলেও তার ছেলেকে না পেয়ে সেখান থেকে বাধ্য হয়ে ফিরে যেতে হয় তাকে। তারপরেই এদিন লালগোলা রাজবাড়ী সংলগ্ন কলকলি নদীর পাড় থেকে ঐ কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ফলতো সুবিচারের আশায় এখন চেয়ে রয়েছে নিগৃহীত ওই হতভাগ্য নাবালকের পরিবার।

Post a Comment