বালির একটি নার্সিংহোমে পরিষেবা আপাতত বন্ধ করল স্বাস্থ্য কমিশন - The News Lion

বালির একটি নার্সিংহোমে পরিষেবা আপাতত বন্ধ করল স্বাস্থ্য কমিশন

 


দি নিউজ লায়নঃ  অনিয়মের অভিযোগ ওঠায় রাজ্য স্বাস্থ্য কমিশনের নির্দেশে হাওড়ার বালির একটি নার্সিংহোমে রোগী ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ করে দেওয়া হলো। সূত্রের খবর, ওই নার্সিংহোমে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের লোকজন স্টেট কাউন্সিলে ওই নার্সিংহোম তথা সংশ্লিষ্ট ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। এদিন কাউন্সিলের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং অভিযোগকারীকে ভার্চুয়াল কনফারেন্সে জিজ্ঞাসাবাদের পরে সাময়িকভাবে নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ এবং যাবতীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।


 ওই নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। এদিন কমিশন জানিয়েছে, ওই নার্সিংহোমে এক রোগী মারা যান। পরিজনদের সন্দেহ ছিল, যে দুই জন চিকিৎসক চিকিৎসা করেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়ে। বিষয়টি তাঁরা স্বাস্থ্য কমিশনকে জানিয়েছিলেন। এরপরে জানা যায়, যে দুই চিকিৎসকের বিরুদ্ধে সন্দেহ, তাঁদের কেউ অ্যালোপাথিক চিকিৎসক নন। তাঁদের একজন হোমিওপ্যাথিক ও একজন আয়ুর্বেদিক।


 কিন্তু রোগী ভর্তি ছিলেন একজন অ্যালোপ্যাথিক চিকিৎসকের অধীনে। এমনকি, ডেথ সার্টিফিকেটে সই ছিল হোমিওপ্যাথি চিকিৎসকের। তাই স্বাস্থ্য কমিশন এদিন ওই নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ করার নির্দেশ দেয়। পাশাপাশি হাওড়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। এ বিষয়ে হাওড়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাই চন্দ্র মন্ডল বলেন, আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষকে বলেছি পরিষেবা বন্ধ রাখতে। ইতিমধ্যেই তদন্ত কমিটি গড়া হয়েছে এই ঘটনায়। ২ দিনের মধ্যে ওই কমিটি আমাদের রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট কমিশনের হাতে তুলে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.