টানা বৃষ্টিতে ঝাড়গ্রামের জনজীবন স্তব্ধ - The News Lion

টানা বৃষ্টিতে ঝাড়গ্রামের জনজীবন স্তব্ধ

 


দি নিউজ লায়ন;   একটানা প্রবল বৃষ্টিতে ঝাড়গ্রাম শহর একেবারে লন্ডভন্ড হয়ে পড়েছে। ঝাড়গ্রাম শহরের মাঝখান দিয়ে যাওয়া পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর প্রবল স্রোতে জল বইছে।যার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। রাস্তার উপর এক হাঁটুর বেশি জল দাঁড়িয়ে রয়েছে। প্রবল বৃষ্টির ফলে ঝাড়গ্রাম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নৃপেন পল্লী এলাকায় ও ১৮ নম্বর রাজ কলোনি এলাকায় বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। 


বিভিন্ন দোকানে জল ঢুকে পড়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম শহরের নিচু এলাকা বেশকিছু বাড়িতে জল ঢুকে পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। যার ফলে ঝাড়গ্রাম শহরের জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে ।বুধবার সন্ধ্যে ছটা নাগাদ প্রবল বৃষ্টি  শুরু হয়,রাত্রি সাড়ে আটটা পর্যন্ত একই ভাবে বৃষ্টি হচ্ছে,বৃষ্টি কমার লক্ষণ নেই। তাই একটানা বৃষ্টির ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ।কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা । 


ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় রাস্তার উপর গাছ ভেঙে পড়েছে । যার ফলে ঝাড়গ্রাম শহরের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর।তাই  গোটা  ঝাড়গ্রাম শহর বিদ্যুৎ হীন অবস্থায় রয়েছে। সন্ধ্যে ছটা থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তা কমার কোনো লক্ষণ নেই, একনাগাড়ে বৃষ্টি হয়ে চলছে ।শুধু ঝাড়গ্রাম শহরে নয়। ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া, সাঁকরাইল, গোপীবল্লভপুর, জামবনি,  বেলপাহাড়ি, লালগড় থানা এলাকায় প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। এই একটানা বৃষ্টির ফলে ডুলুং নদীতে জল বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে যার ফলে সমস্যায় পড়বেন জামবনি ও বেলিয়াবেড়া থানা এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.