একুশে জুলাই-এ শহীদ আব্দুল খালেকের পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দিলেন দোলা সেন
দি নিউজ লায়নঃ ১৯৯৩ সালের ২১ শে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে তৎকালীন জ্যোতি বসু সরকারের পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিলেন। সেই ১৩ জন শহীদ যুব কংগ্রেস কর্মীর মধ্যে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর গরগজপোতা গ্রামের আব্দুল খালেক। তারপর থেকেই প্রতিবছর একুশে জুলাই শহীদদের স্মরণে শহীদ দিবস পালন করা হয় ।১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দল তৈরি করেন।
তাই প্রতিবছর একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির জন্য এবছর তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মাধ্যমে বক্তব্য রাখবেন। যে বক্তব্য দলীয় কর্মীদের কাছে বিভিন্ন বড় পর্দার মাধ্যমে দেখানোর ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেস। প্রতিবছর শহীদ পরিবারগুলি শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতেন । কিন্তু করোনার জন্য এবছর তা বাতিল হয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ পরিবারগুলিকে শুভেচ্ছা বার্তার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
সোমবার মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছাবার্তা উত্তরীয় কিছু ফল নিয়ে কেশপুর ব্লক এর গরগজপোতা গ্রামে শহীদ আব্দুল খালেকের বাড়িতে যান রাজ্যসভার সাংসদ দোলা সেন। তার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার শ্রমিক সংগঠনের সভাপতি নির্মল ঘোষ, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত ও তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লক এর সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
রাজ্যসভার সাংসদ দোলা সেন আব্দুল খালেকের পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের কোনদিন ভুলেনি, আগামীদিনেও ভুলবেনা। শহীদ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস রয়েছে বলে তিনি জানান।

Post a Comment