গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে গ্রেপ্তার স্বামী ও শ্বশুর
দি নিউজ লায়নঃ শ্বশুরবাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতদের নাম সুজন মাঝি ওরফে বাগদি ও প্রতীক মাঝি ওরফে প্রদীপ। ভাতার থানার দেবপুর গ্রামে তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, ভাতার থানারই বামুনাড়া গ্রামের বাসিন্দা সঞ্জয় গড়াইয়ের মেয়ে দোলনচাঁপার সঙ্গে বছর তিনেক আগে সুজনের বিয়ে হয়েছিল।
দোলনচাঁপার একটি ১ বছর ৯ মাসের কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর দোলনচাঁপাকে বাপেরবাড়ি থেকে ৫০ হাজার টাকা আনতে বলা হয়। তা দিতে না পারায় তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। শ্বশুরবাড়িতে তাঁকে হামেশাই মারধর করা হত। ১৩ ফেব্রুয়ারি শ্বশুরবাড়িতে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। ঘটনার কথা জানিয়ে মৃতার বাবা থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার সকালে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ৩০ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।

Post a Comment