ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা
দি নিউজ লায়নঃ প্রকাশ্য রাস্তায় এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েত আশুটোলা এলাকায় । গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে রাতে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
ওই ব্যবসায়ীর পায়ের ডানদিকে গুলি লেগেছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। অস্ত্রোপচারের মাধ্যমে সেই গুলি বের করে ফেলা হয়েছে । তবে এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে সে ব্যাপারে স্পষ্ট ভাবে পুলিশকে কিছু জানাতে পারেন নি আক্রান্ত ওই ব্যবসায়ী। পুরো ঘটনাটি নিয়ে রতুয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম লাল মহম্মদ (৩৭)। তার বাড়ি রতুয়া থানার আশুটোলা এলাকায়। পেশার ট্রাক্টর এবং জমি জায়গার ব্যবসায়ী লাল মহম্মদ শনিবার রাতে ব্যবসার কাজ সেরে মোটরবাইকে করে জগন্নাথপুর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। ওই ব্যবসায়ী বাড়ি থেকে কিছুটা দূরে গ্রামীণ সড়কেই কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায়। অন্ধকারের মধ্যে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু সেগুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই ব্যবসায়ীর ডান পায়ে লাগে।
এরপরই ওই ব্যবসায়ীর আর্ত চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে রতুয়া থানার পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের মুখে কাপড় জড়ানো থাকায় ওই ব্যবসায়ী সঠিকভাবে তাদের চিনতে পারে নি । তবে এই ঘটনার পিছনে শুধু টাকা ছিনতাইয়ের বিষয় জড়িয়ে রয়েছে, না অন্য কোনো কারণ আছে সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Post a Comment