শিলিগুড়ি হোটেল থেকে গ্রেফতার মুম্বাইয়ে প্রতারনা কাণ্ডের মূল দুই মাথা - The News Lion

শিলিগুড়ি হোটেল থেকে গ্রেফতার মুম্বাইয়ে প্রতারনা কাণ্ডের মূল দুই মাথা

 


দি নিউজ লায়নঃ  মুম্বাইয়ে প্রতারনা কাণ্ডের মূল দুই মাথার আত্মগোপন শিলিগুড়িতে। সুরাট, রাজস্থান থেকে কলকাতা হয়ে আস্তানা বদলে চারদিন শিলিগুড়ির হোটেলেই গা ঢাকা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহায়তায় মুম্বাইয়ে চিট ফান্ড কোম্পানির আদলে দুই  কোটি টাকা হরফের ঘটনায় জড়িত প্রতারনা সংস্থার মাথাকে পাকড়াও মুম্বাই পুলিশের। 


মামলার তদন্তে নেমে লাগাতার লোকেশন ট্র্যাক করে রবিবার শিলিগুড়ির বিধানরোডের একটি হোটেল থেকে মূল পান্ডা অশ্বিন কোথিয়া ওরফে প্যাটেল ও জয়কুমার বচ্চওয়াত ওরফে রামকুমারকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা সুরাট ও রাজস্থানের বাসিন্দা। সোমবার শিলিগুড়ি আদালত থেকে সাতদিনের ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যায় মুম্বাই পুলিশের তদন্তকারী আধিকারিকেরা।


 মামলার তদন্তকারী আধিকারিক লোকমান্য তিলক মার্গ পুলিশ স্টেশনের এসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর সুদর্শন প্যাটেল জানান মুম্বাইয়ের এক বিল্ডার কোম্পানিকে টাকা দ্বিগুণ হওয়ার প্রলোভন দেখিয়ে জালে ফেলে আওয়ারা পাওয়ার লিমিটেড নামে একটি ভুয়ো কোম্পানি। আমহেদাবাদের প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়ে ভুয়ো কোম্পানি  খুলে ৮জন প্রতারক মহারাষ্ট্র নিবাসী বিল্ডার রাজ গোপাল সোমানি কাছ থেকে মোটা অংকের সুদের টোপ দিয়ে ২কোটি টাকা হরফ করে।


 ১৩ জুলাই বিল্ডার নগদে ২কোটি টাকা ভুয়ো প্রতারণা সংস্থার হাতে তুলে দেয়। বিল্ডারকে বলা হয় আর্থিক লেনদেনের যাবতীয় প্রামাণ্য নথি প্রস্তুত করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে। সে নির্দিষ্ট সময় পর বিল্ডার সেখানে ফের উপস্থিত হতেই চক্ষু চড়কগাছ! তিনি দেখেন সংস্থার দপ্তরে তালা ঝুলছে। সকলেরই ফোন বন্ধ।তার সঙ্গে ঘটা প্রতারনার বিষয়টি বুঝতে পেরে ১৯শে জুলাই লোকমান্য তিলক মার্গ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন তিনি। 


অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ভুয়ো প্রতারণা সংস্থার ছয় প্রতারক পুলিশের হাতে আসে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়েই পুলিশ জানতে পারে এখনও অধরা এই পুরো ভুয়ো চিট ফান্ড কোম্পানির মূল মাথা অশ্বিন ও রামকুমার। এদিকে মূল দুই অভিযুক্ত মুম্বাই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সুরাট, রাজস্থান হয়ে কলকাতায় পৌঁছে যায়। তাদের তদন্তে নেমে মুম্বাই পুলিশের কালঘাম ছোট। একাধিকবার গাড়ি ও সিম বদল করে ব্যবহার করছিল অভিযুক্তরা।


 পশ্চিমবঙ্গ পুলিশকে বিষয়টি জানাতেই অভিযুক্তরা কলকাতা থেকে ফের ঠিকানা বদলে ২৪জুলাই শিলিগুড়িতে এসে পৌছেছে বলে জানতে পারে মুম্বাই পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মদতে তাঁক বুঝে অবশেষে রবিবার শিলিগুড়ির বিধানরোডের হোটেলে হানা দিয়ে মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.