গোপীবল্লভপুরে "দুয়ারে শিক্ষক "
দি নিউজ লায়নঃ করোনার কারণে উদ্ভুত পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ বিদ্যালয় শ্রেণীকক্ষে স্বাভাবিক পাঠদান প্রক্রিয়া l শিক্ষার্থীদের প্রাণচঞ্চলতায় আবার কবে মুখরিত হয়ে উঠবে শিক্ষাঙ্গন, তা সকলেরই অজানা l এমতাবস্থায় স্কুলগুলি চালু করেছে অনলাইনে পাঠদান প্রক্রিয়া l কিন্তু সমস্ত শিক্ষার্থীর স্মার্ট ফোন না থাকায় তারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না l ফলে শিক্ষার্থীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের দূরত্ব বেড়েছে অনেকটাই l
এই অবস্থায় দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিভাগের ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের পড়াশোনার খোঁজ নিলেন এবং তাদের হাতে পঠন উপযোগী বিভিন্ন উপকরণ তুলে দিলেন শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী l জঙ্গলমহল এলাকা হিসেবে পরিচিত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের অন্তর্গত নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠে সংস্কৃত পড়ান শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী l দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে পঠন উপযোগী বিভিন্ন উপকরণ তাদের হাতে তুলে দিলেন তিনি l
জানা গিয়েছে, নয়াবসান, সিজুয়া,ভোলা, বেলদুয়ার,ধর্মপুর সহ আশেপাশের প্রায় দশটি গ্রামের ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে l কয়েকদিন ধরে দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠরত প্রত্যেক ছাত্রছাত্রীর বাড়ি গিয়ে তাদের সাথে দেখা করছেন, উৎসাহ দেন এবং পঠন উপযোগী বিভিন্ন উপকরণ তাদের হাতে তুলে দেন তিনি l ছাত্রছাত্রীরা তো ভাবতেই পারেনি, স্যার তাদের বাড়িতে এসে পঠন উপযোগী এই সমস্ত উপকরণ দিয়ে যাবেন l
স্যারের এই আন্তরিক প্রচেষ্টায় তারা এতটাই আপ্লুত হয় যে, তারা নিজেদের গ্রামের তাদের অন্যান্য সহপাঠীদের বাড়ি তারাই সাথে করে স্যারকে নিয়ে গিয়েছে l হেরম্ব বাবু জানান, যেহেতু এখন বিদ্যালয় শ্রেণিকক্ষে পাঠদান প্রক্রিয়া বন্ধ আছে, তাই অনলাইন ক্লাস নেওয়ার পাশাপাশি এভাবে আগামীদিনেও ছাত্র-ছাত্রীদের বাড়িতে এসে পঠন উপযোগী বিভিন্ন উপকরণ দিয়ে যাবেন।ছাত্র-ছাত্রী,অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই হেরম্ববাবুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন l

Post a Comment