পুরসভার জায়গা দখল করে বাড়ি করার অভিযোগ ভাজপার বুথ কমিটির সভাপতির বিরুদ্ধে
দি নিউজ লায়ন; পুরাতন মালদা পৌরসভায় ভাজপার বুথ কমিটির সভাপতির বিরুদ্ধে পুরসভার জায়গা দখল করে বাড়ি করার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট এলাকার তৃণমূলের বুথ কমিটির সদস্যরা ওই বিজেপি নেতার বিরুদ্ধে পুরসভা কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এমনকি পুরসভা থেকেও নোটিশ জারি করে সরকারি জায়গা দখল মুক্ত করার কথা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও জবরদস্তি করে পুরসভার জায়গা দখল করে বাড়ি তৈরি করছে বিজেপির ওই নেতা বলে অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে এখন পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ আইন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। সোমবার নতুন করে পুরসভা কর্তৃপক্ষ ওই বিজেপি নেতার বিরুদ্ধে একটি নোটিশ জারি করেছেন। সেখান দ্রুত যেটুকু পুরসভার অংশ দখল করে বাড়ি নির্মাণ করা হয়েছে, তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কোন কিছু নিয়ম এবং নির্দেশ মানছে না পুরাতন মালদা পুরসভার ৯৩ নম্বর বুথ কমিটির ওই বিজেপি সভাপতি। এই নিয়ে এলাকার মানুষদের মধ্যেও ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে। যদিও এ প্রসঙ্গে ওই বিজেপি নেতার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা যায় নি।
উল্লেখ্য, পুরাতন মালদা পুরসভা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরেশ দেবনাথ। তিনি বিজেপির ৯৩ নম্বর বুথ কমিটির বিজেপি সভাপতি পদে রয়েছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকার পুরসভার রাস্তা একটা অংশ ঘিরে কিভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ এব্যাপারে লিখিত নোটিশ জারি করেছে। পাশাপাশি ওই বিজেপি নেতাকে অবৈধ নির্মাণের জন্য নোটিশ দেওয়া হয়েছে।
বিজেপির বুথ সভাপতি হওয়ায় জবরদস্তি বাড়ি নির্মাণ করছে বলে ওই এলাকার বুথ কমিটির কয়েকজন সদস্য অভিযোগ করেছেন। এব্যাপারে তিন নম্বর বুথ কমিটির সদস্যরা গণস্বাক্ষর করে পুরসভাকে অভিযোগ জানিয়েছেন কিন্তু তারপরও কোনো হেলদোল দেখা যায় নি এলাকার ওই বিজেপি নেতার। পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ বলেন, সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ কাজ কোন ভাবে বরদাস্ত করা হবে না ।
ওই ব্যক্তির বিরুদ্ধে পৌরসভা থেকে নোটিশ জারি করে বেআইনি নির্মাণের ভাঙ্গার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। কিন্তু তারপরেও কোনরকম হেলদোল দেখায় নি। উনি যে রাজনৈতিক দলই করুক না কেন, বেআইনি কাজ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পৌরসভা থেকে আবারো নোটিশ জারি করে ওই ব্যক্তিকে জানানো হয়েছে । এরপরেও যদি উনি পুরসভার নির্দেশ না মানেন, তাহলে আইনের মাধ্যমে সরকারি জায়গার যে অংশ দখল করা করা হয়েছে, সেটি ভেঙে দেওয়া প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

Post a Comment