রুপনারায়নপুরে গাঁজা পাচার করতে গিয়ে আটক এক ব্যক্তি
দি নিউজ লায়ন; সালানপুরের রুপনারায়নপুরে এক কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রুপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। গতরাতে গোপন সুত্রে খবর পেয়ে গোপাল সরকার নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি সালানপুরের নামোকেশিয়ায়।
পুলিশ সুত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই সুত্র মারফত খবর আসছিল যে গাঁজা পাচার চলছে নিয়মিত সালানপুর থানা এলাকায়। বাংলা ঝাড়খন্ড সীমান্ত এলাকায় এই গাঁজা পাচার বন্ধ করতে সচেষ্ট হয় পুলিশ। গতরাতে রুপনারায়নপুর ফাঁড়ির আইসি রাহুলদেব মন্ডল গোপনসুত্রে জানতে পারেন লালস্কুটি গাড়িতে এক অভিযুক্ত প্রচুর পরিমানে গাঁজা পাচার করবে। সেইমত রুপনারায়নপুর ডাবর মোড়ের কাছে রাহুলদেব বাবু ও ফাঁড়ির পুলিশ কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকে।
রাত সাড়ে এগারোটা নাগাদ অভিযুক্ত লাল স্কুটি নিয়ে আসতেই তাকে পাকড়াও করে পুলিশ। তল্লাশী চালাতেই দেখা যায় প্রচুর গাঁজা রয়েছে তার কাছে।সালানপুর থানা সুত্রে জানা গেছে প্রায় এককেজি গাঁজা পাওয়া গেছে ওই ব্যক্তির কাছ থেকে। কোথা থেকে গাঁজা আনছিল সে, এবং কোথায় পাচার করা হচ্ছিল, সে বিষয়ে জানার জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Post a Comment