গৃহবধূকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগে গ্রেফতার শ্বশুর
দি নিউজ লায়ন; ভাতার থানা এলাকায় গৃহবধূকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগে পুলিস শ্বশুরকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শেখ নিয়াজুল ওরফে পটল। ভাতার থানার পূর্ব রামচন্দ্রপুরে তার বাড়ি। পুলিস জানিয়েছে, বছর খানেক আগে রায়না থানার রসুইখণ্ডের বাসিন্দা শেখ নূর মহম্মদের মেয়ে নূরনীহার খাতুনের সঙ্গে নিয়াজুলের ছেলে শেখ আসাদুলের বিয়ে হয়েছিল। বিয়েতে চাহিদামতো পণ দেওয়া হয়। তা সত্বেও বিয়ের কিছুদিন পর থেকে আরও পণের দাবিতে শ্বশুরবাড়িতে নূরনীহারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।
তাঁকে হামেশাই মারধর করা হত বলে অভিযোগ। বুধবার বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে নূরনীহারকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই শনিবার সন্ধ্যায় নূরনীহার মারা যান। ঘটনার কথা জানিয়ে মৃতার বাবা শনিবার ভাতার থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে রবিবার বিকালে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিষ খাওয়ানোর বিষয়ে বিশদে জানতে এবং বাকি অভিযুক্তদের হদিশ পেতে ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের ৪ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।

Post a Comment