সাবেক ছিটমহলে বড়োসড়ো ভাঙ্গন বিজেপির
দি নিউজ লায়ন; সাবেক ছিটমহলে বড়োসড়ো ভাঙ্গন বিজেপির। দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ র হাত ধরে বুধবার তৃণমূলে যোগ দিলেন দিনহাটা 2 নম্বর ব্লকে অবস্থিত সাবেক ছিটমহল মধ্য মশালডাঙ্গা, দক্ষিণ মাশালডাঙ্গা, সহ বেশ কিছু এলাকার শতাধিক পরিবার। এই পরিবারগুলোর মধ্যে পূর্বতন ছিটমহল মধ্য মশালডাঙ্গার বাসিন্দা জয়নাল আবেদীন, সাদ্দাম হোসেন, দক্ষিন মশালডাঙ্গার বাসিন্দা আজিবর শেখ। ছিটমহল বিনিময় আন্দোলনে তাঁদের পরিবারের যথেষ্ট ভূমিকা ছিল। এরমধ্যে এই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মধ্য মশালডাঙ্গার বাসিন্দা জয়নাল আবেদিনের দাদু আজগর আলী, যিনি ১০৩ বছর বয়সে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে ছিট মহল বিনিময় দেখে গিয়েছেন।
২০১৭ সালে অবশ্য অজগর আলির মৃত্যু হয়। সেই আজগর আলীর নাতি জয়নাল আবেদীন ছিটমহল বিনিময়ের পরে বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তর হাত ধরে বিজেপিতে যোগ দেন। তিনি যুব মোর্চার জেলা কমিটির দায়িত্ব পান। এরপর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা ২ নম্বর ব্লকের এই ছিটমহলগুলোতে সাংগঠনিক ভাবে অনেকটাই দুর্বল ছিল তৃণমূল।সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ মধ্য মশালডাঙ্গা পূর্বতন ছিটমহল এর বুথ টিতে ২৮০ ভোটে পিছিয়ে ছিলেন, দক্ষিণ মশালডাঙ্গা পূর্বতন ছিটমহল টিতেও তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী ১০০ ভোটে এগিয়ে ছিল। মধ্য মশালডাঙ্গা, দক্ষিণ মশালডাঙ্গা ছিটমহলে বিজেপির হয়ে নেতৃত্ব দিতেন জয়নাল আজিবর সাদ্দাম হোসেনরা।
এবার সেই জয়নালরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় সেখানে রাজ্যের শাসক দল অনেক বেশী শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, “দিনহাটা 2 নম্বর ব্লকের শালমারা এলাকায় প্রায় ১২০ পরিবার আমাদের দলে যোগ দিয়েছে। পরিবার গুলোর অধিকাংশই সাবেক ছিটমহলগুলোর বাসিন্দা। তাঁদের আবেদনের ভিত্তিতে বেছে বেছে তাঁদের দলে যোগদান করানো হচ্ছে। মানুষ বুঝে গেছে, মমতা ব্যানার্জীর উন্নয়নের সামিল হতেই তাঁরা দলে দলে যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেসে।”
প্রাক্তন বিজেপি নেতা জয়নাল আবেদীন বলেন, “বিজেপিতে শুধু হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। শুধু বিভেদ আর বিদ্বেষের কথা। উন্নয়ন নিয়ে কোন কথা নেই। আমি যুব মোর্চা জেলা কমিটিতে থাকার ফলে খুব কাছ থেকে বিজেপি দলটাকে দেখেছি, সংখ্যালঘু মানুষজনের ওই দলে থাকা আসলে উচিতই নয়।” দক্ষিন মশালডাঙ্গার বাসিন্দা আজিবর শেখ বলেন, “আমরা ভুল করে এতদিন বিজেপি করতাম। আর ভুল নয়। তাই তৃণমূলে যোগদান করলাম।”
বিজেপি নেতা দিনহাটার বাসিন্দা দীপ্তিমান সেনগুপ্ত বলেন, জয়নালরা আমার সাথে বিজেপিতে ছিল। জয়নালের মত আরো অনেকেই ছিল, এর আগে তাঁদের অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছে। আজ জয়নালরাও চলে গেল তৃণমূলে। এই দল পরিবর্তন ওদের ব্যাক্তিগত ব্যাপার।

Post a Comment