জুয়ার টাকার ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরে দু'ই যুবককে ধারালোঅস্ত্র দিয়ে কুপিয়ে খুন - The News Lion

জুয়ার টাকার ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরে দু'ই যুবককে ধারালোঅস্ত্র দিয়ে কুপিয়ে খুন

 


দি নিউজ লায়ন;   জুয়া খেলার পর টাকার ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরে দু'ই যুবককে ধারালোঅস্ত্র দিয়ে কুপিয়ে খুন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশিপুর থানার পূর্ব রঘুনাথপুর এলাকায়। পরে পুলিশ মৃত দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতেদের নাম মুজিবুল মোল্লা(২৩) ও রবিউল খান(২০)। পলাতক অভিযুক্ত নেত্তাউদ্দিন খানের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাধানগর বাজারের খালপাড় সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি জুয়ার ঠেক চালাচ্ছিল নেত্তাউদ্দিন খান নামে এক ব্যক্তি। শনিবার সেই ঠেকেই জুয়া খেলেছিল মুজিবুল। পরিবারের লোকজনদের দাবি, জুয়া খেলে প্রায় এক লাখ টাকার কাছাকাছি জিতেছিলেন তিনি। কথা ছিল শনিবার রাতেই মুজিবুলকে জেতা টাকা দেবে নেত্তাউদ্দিন। সেইমত এদিন রাতে নেত্তার বাড়িতে হাজির হন মুজিবুল। কিন্তু আচমকা দু'জনের মধ্যে বচসা শুরু হয়ে যায়। বচসা চলাকালীন একটি ধারালো অস্ত্র দিয়ে মুজিবুলকে কুপিয়ে খুন করে নেত্তা।


 সেই দৃশ্যই দেখতে পান অভিযুক্তের ভাইপো রবিউল।  এরপর নেত্তা বাড়ির বাইরে এসে রবিউলকেও কুপিয়ে খুন করে বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে খবর দেন থানায়। কাশিপুর থানার পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী টহল দিচ্ছে৷ তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত নেত্তাউদ্দিন খান। পুলিশ অভিযুক্তের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এলাকায়। এই ঘটনায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, পুলিশ- প্রশাসনের চোখের সামনেই কাশিপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় প্রকাশ্যে চলছে জুয়ার ঠেক। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.