জনসাধারণের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স দান করলেন বিজেপি সাংসদ
দি নিউজ লায়ন; জনসাধারণের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স দান করলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। ঘটনাটিকে হাস্যকর বলে দাবি করেছে তৃণমূল। কোচবিহার জেলা পরিবহণ দপ্তর সূত্রে জানানো হয়েছে, অ্যাম্বুলেন্সটির রেজিস্ট্রেশন নম্বর ডব্লুবি ৬৩এ ৫২৬৪। গাড়িটির ফিটনেসের বৈধতা শেষ হয়ে গিয়েছে ১২ নভেম্বর ২০১৯ সালে। বিমার বৈধতা ছিল ১১ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত। আর মোটর ভেহিকেল ট্যাক্স ২০১৯ সালের নভেম্বর মাসের পর আর দেওয়া হয়নি। এখন প্রশ্ন উঠেছে, যে গাড়ির ফিটনেস নেই, ট্যাক্স বকেয়া,বিমার বৈধতাও শেষ হয়েছে সেই গাড়িটি কীভাবে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি চালু করলেন? শুধু তাই নয়, গাড়িতে তাঁর ছবিও ব্যবহার করা হয়েছে।
করোনা রোগী সহ সাধারণ রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য ফ্রিতে পরিষেবা চালু করেছেন কোচবিহারের বিজেপি সংসদ নিশীথ প্রামাণিক। গত শুক্রবার দলের কোচবিহার জেলা পার্টি অফিসের সামনে থেকে এমপি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন। অ্যাম্বুলেন্সে সাঁটা রয়েছে নিশীথবাবুর ছবিও। অথচ এমপি’র চালু করা অ্যাম্বুলেন্সটির কাগজপত্রই ঠিকঠাক নেই। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। যা বিড়ম্বনায় ফেলেছে জেলার বিজেপি নেতৃত্বকেও। কোচবিহারের আঞ্চলিক পরিবহণ আধিকারিক আশুতোষ রায় বলেন, গাড়িটির ফিটনেস, ইন্সুরেন্স ও ট্যাক্সের বৈধতার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। ফিটনেস সার্টিফিকেট না নিয়ে রাস্তায় গাড়ি চললে তা নিয়ম বিরুদ্ধ।
তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, নিশীথ প্রামাণিক সবসময়ে চান সংবাদ শিরোনামে আসতে। কিছুদিন আগে কোচবিহার রাজবাড়ি প্রাঙ্গণ সাফাই করার নামে নোংরা ফেলে নিজেরাই তা পরিষ্কারের করে ভিডিওগ্রাফি করেছেন। সেবার সমালোচনার মুখে পড়েও একই ‘ভুল’ এবারও করলেন। অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেও তিনি বিতর্ক উস্কে দিয়েছেন। আসলে উনি মানুষের সেবার জন্য নয়, নিজের প্রচার চাইতে এসব করছেন বলে অভিযোগ উঠছে। যদিও এ বিষয়ে সাংসদ নিশীথ প্রামানিক কে একাধিকবার টেলিফোন করা হলেও ফোন রিসিভ করেননি।

Post a Comment