মহিলার বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় গ্রেফতার ৪
দি নিউজ লায়ন; মহিলার বাড়িতে হামলা ও তাঁকে মারধরের ঘটনায় পুলিস ৪ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে ভাতার থানা এলাকায়। ধৃতদের নাম নীলরতন বাগ, সহদেব মালিক, সঞ্জয় সাঁতরা ও উত্তম কৈবর্ত্য। ভাতার থানার নাসিগ্রামের দক্ষিণপাড়ায় তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, নাসিগ্রামেই ওই মহিলার বাড়ি। নিঃসন্তান ওই মহিলার স্বামী মারা গিয়েছেন।
বাড়িতে একাই থাকেন মহিলা। তিনি দিনমজুরের কাজ করেন। এক প্রতিবেশী তাঁকে কুপ্রস্তাব দেয়। তাতে রাজি হননি মহিলা। সেজন্য ঝামেলাও হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় তা মিটে যায়। এতে ওই যুবকের মহিলার উপর রাগ ছিল। সোমবার রাতে পাড়ার একটি অনুষ্ঠান ছিল। রাত ১০টা নাগাদ ওই যুবক সহ কয়েকজন মহিলার বাড়িতে হামলা চালায়।
মহিলাকে গালিগালাজ করে। মহিলা তার প্রতিবাদ করলে সহদেব সহ বাকিরা তাঁকে মারধর করে। পরেরদিন ঘটনার কথা জানিয়ে মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের জামিন মঞ্জুর করেন সিজেএম।

Post a Comment