মাহেশ থেকে মায়াপুর সর্বত্র বাতিল রথযাত্রা - The News Lion

মাহেশ থেকে মায়াপুর সর্বত্র বাতিল রথযাত্রা

 


দি নিউজ লায়ন;  রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম - বাংলায় জগন্নাথ দেবের রথের এই চেনা ছবি বদলে গেছে গত বছর থেকেই। করোনা আবহে চলতি বছরেও সর্বত্র বাতিল হয়েছে রথযাত্রা শুধুমাত্র নিয়ম মেনে পূজার্চনা ছাড়া সবকিছুতেই এ বছরের মত ইতি টানা হয়েছে। হুগলির মাহেশ, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, কাঁথি থেকে নদীয়ার ইসকনের রথ সব জায়গাতেই একই ছবি।


মাহেশ

করোনা আবহে চলতি বছরেও হচ্ছে না মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রা। মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চলতি বছরেও মাহেশের রথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাবতীয় রীতি উপাচার নিয়ম মেনেই পালন করা হবে। জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর রথযাত্রা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সংখ্যাগরিষ্ঠ সেবাইত গত বছরের মতো চলতি বছরেও করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে রথযাত্রা স্থগিতের পক্ষে মত দেন।  করোনা সংক্রান্ত যে সমস্ত বিধি নিষেধ রয়েছে তা রথ যাত্রার মত বিশাল ধর্মীয় অনুষ্ঠানে মেনে চলা কার্যত অসম্ভব। তাই পরিস্থিতি বিবেচনা করে রথযাত্রা স্থগিত রাখা হলো। বস্তুত পুরীর রথের পরেই ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথ হল মাহেশের জগন্নাথ দেবের রথ। এ বছর রথযাত্রা 625 বছরে পড়ল। এখন যে লোহার রথ রয়েছে তার বয়স 136 বছর। মার্টিন বার্ন কোম্পানির তৈরি এই রথের উচ্চতা 50 ফুট রয়েছে বারোটি চাকা। 



মহিষাদল

রথ টান থেকে মেলা সবকিছুতেই এ বছরের মতো ছেদ পড়েছে ২৪৫ বছরের পুরনো মহিষাদলের রথে। তবে রথের চাকা না গড়লেও রথের সমস্ত রীতিনীতি পালন করা হবে। রথের আগে স্নানযাত্রাও এবছর আর সেভাবে ঘটা করে হয়নি। গত বছরের মতো এ বছরও রাজবাড়ীর কুলদেবতা মদন গোপাল জিউ ও প্রভু জগন্নাথকে রথের মধ্যে তোলা হলেও তারা মাসির বাড়ি যাবেন পালকি চড়ে। রথ পরিচালন কমিটির সাধারণ সম্পাদক তথা মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, "এবছরও রথ টানা বন্ধ থাকবে। তবে মাঙ্গলিক সমস্ত আচারবিধি পালন করা হবে এবং পালকিতে চড়ে জগন্নাথদেব মাসির বাড়ি যাবেন। মেলাও সেভাবে বসবে না তবে অল্প বিস্তর দোকান বসানো যায় নাকি তা আগামী সপ্তাহে রথ পরিচালন কমিটির বৈঠকে আলোচনা করা হবে।"



কাঁথি

করোনা সংক্রমন এড়ানোর জন্য এবছরও বন্ধ রাখা হল প্রায় ৩০০ বছরের প্রাচীন কাঁথির ডেমুরিয়ার রথযাত্রা। ইতিমধ্যে জেলার অন্যতম শতাব্দীপ্রাচীন মহিষাদলের রথযাত্রাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার জমায়েত এড়ানোর জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩০০ বছরের প্রাচীন ডেমুরিয়ার রথ। রথ টানা বন্ধের পাশাপাশি এবছর বসবে না কোন রথের মেলা। তবে প্রভু জগন্নাথের ভক্তরা রথের দিন প্রভুকে দর্শন করতে পারবেন। মূল রথ ও ফেরত রথের দিন প্রাচীন রীতি মেনে রাজ বেশে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে তোলা হবে রথের ওপর। আর সেখান থেকেই দর্শন করতে পারবেন ভক্তরা। ইতিমধ্যে রথ পরিচালন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতবছরও ঐতিহ্যবাহী এই রথ করোনা সংক্রমনের কথা মাথায় রেখে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। 



মায়াপুর ইস্কন

করোনা পরিস্থিতিতে হচ্ছে না মায়াপুর ইস্কনের রথ। গতবছর করোনা পরিস্থিতিতে প্রতীকী রথযাত্রা হয়েছিল এবার ও করোনা আবহে বিধিনিষেধ মেনে  ইসকনের রথ  যাত্রা অনুষ্ঠিত হচ্ছে । শুধুমাত্র পূজা আর্চনা চলছে রীতি মেনে পূণ্যার্থীদের প্রবেশে নিয়ন্ত্রণ রয়েছে। ইসকন মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হয়।এবং সেখান থেকেই রথযাত্রা দিন হাজার মানুষের রথ টেনে নিয়ে আসেন ইসকন চন্দ্রোদয় মন্দির আবার সেখান থেকে উল্টো রথে ফিরে যায় রাজাপুরে। এবার সম্ভবত ভিড় এড়াতে ছোট করে প্রতীকী রথযাত্রা হতে পারে ইসকন মন্দিরে। অবশ্য পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে ইসকন মন্দির কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.