করোনার তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তর
দি নিউজ লায়ন; সারা দেশের পাশাপাশি এই রাজ্যে ও করোনার গ্রাফ নিম্নমুখী। যদি ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার একটা আশঙ্কা তৈরি করা হয়েছে। চিকিৎসকদের মতে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে এবং তৃতীয় ঢেউতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আর এই তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে শিশুদের চিকিৎসার জন্য জেলার সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নিল হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তর।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ইতিমধ্যে শিশুদের চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতাল, টি এস জয়সওয়াল হাসপাতাল, বালটিকুরি ইএসআই হাসপাতাল উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে অতিরিক্ত সেট আপ তৈরি করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এইসব হাসপাতালে শিশুদের জন্য আলাদা করোনা শয্যা, সিসিইউ এবং প্যাডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট ( পিকু) প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও ৪ জন শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা খুব শীঘ্রই জেলার অন্যান্য শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের এই ব্যাপারে প্রশিক্ষণ দেবেন।
এই ব্যাপারে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাই মন্ডল জানান তৃতীয় ঢেউ নিয়ে এখনই এতটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের ধারণা তৃতীয় ঢেউয়ে মাত্র ৫ শতাংশ শিশু আক্রান্ত হতে পারে। তবে এইসব শিশুরা আক্রান্ত হলেও খুব একটা বিপদের আশঙ্কা থাকবে না। তবে শিশুদের চিকিৎসা বিষয়টি মাথায় রেখে আমরা জেলার সবকটি সরকারি হাসপাতালে পৃথক ব্যবস্থা রাখছি বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

Post a Comment