'জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে, শৈশবের ছড়া কেটে রাজ্যপালকে তীব্র আক্রমণ মদনের
দি নিউজ লায়ন; 'জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। উনি পাগলা হাতির মতো মাথা নাড়েন। আমার ভাল লাগে!’ শৈশবের ছড়া কেটে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। বালির একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন বলেন,'এই রাজ্যপাল ৭২ ঘণ্টার মধ্যেও চলে যেতে পারেন। আমার রাজ্যপালের মুখ দেখলেই ডিপ্রেশান হয়।’ চাঁচাছোলা ভাষায় রাজ্যপালের সমালোচনা করে মদন বলেন, 'পরকীয়া আর রাজ্যপাল দুটোই লেবুর চাটনি বা আমের আচারের মতো।
উনি কয়েক দিন আগে বললেন, হাজার হাজার বাঙালি না কি অসম চলে গিয়েছেন। উনি বলতেই পারতেন আমি শিলং বেড়াতে যাব, সরকারি পয়সায়, বিজনেস ক্লাসে। অসমে গিয়ে দেখলেন এক জন বাঙালি ওঁকে বললেন না যে তাঁদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তার পর উনি ফিরে এসে দিল্লি গিয়ে বললেন, ‘বাংলায় ব্যাপক সন্ত্রাস হয়েছে।' পদ্মপালকে চ্যালেঞ্জ করে মদন বলেন, 'আমি মদন মিত্র চ্যালেঞ্জ করছি, এখানে ৩ জন বিজেপি কর্মীর বাড়ি দেখান, যাদের বাড়ি ভাঙচুর হয়েছে বা লাশ এখান দিয়ে নিয়ে যেতে হয়েছে। তেমন হলে আমি বিধায়ক পদ ছেড়ে দেব।’ ধনখড়ের পাশাপাশি মোদিকেও তুলোধোনা করেন মদন। তিনি বলেন, এ বার প্রধানমন্ত্রী ভোটপ্রচারে এসে বলেছিলেন, ‘মেরে দিদি হ্যায় তোলাবাজ। এ তো বালির মস্তানরাও বলে না। আর বাংলার মানুষ দু’টো গালে দু’টো থাপ্পড় মারল, ২১৩। এখন লখনউ-দিল্লি ডেলি প্যাসেঞ্জারি করো।'

Post a Comment