প্রতিবেশীকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগে গ্রেপ্তার এক প্রৌঢ়
দি নিউজ লায়ন; প্রতিবেশীকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগে গ্রেপ্তার এক প্রৌঢ়। জখম প্রতিবেশি হাসপাতালে চিকিৎসাধীন। ধৃতের নাম প্রবীর কর্মকার। শহরের রাধানগরপাড়ার বাগানবাড়ি এলাকায় ধৃতের বাড়ি। পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে প্রৌঢ়ের সঙ্গে তাঁর ছেলে রবীনের অশান্তি শুরু হলে প্রতিবেশী অবনীন্দ্র মুখোপাধ্যায় তা থামাতে যান।
সেই সময় আচমকা প্রবীর উত্তেজিত হয়ে পাশে থাকা বঁটি দিয়ে অবনীন্দ্রর পিঠের বাঁ দিকে কোপ মারে। তাতে গুরুতর জখম হন অবনীন্দ্র। তাঁর পিঠে গভীর ক্ষত হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর পিঠে বেশ কয়েকটি সেলাই হয়েছে।
তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতেই তাঁর স্ত্রী রুমা মুখোপাধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার সকালে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। বঁটিটি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে ২ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।

Post a Comment