সৌরভের আগে কেশব মহারাজের নাম লিখে বিতর্ক তৈরি করল কেকেয়ার
দি নিউজ লায়ন; সৌরভের আগে কেশব মহারাজের নাম লিখে বিতর্ক তৈরি করল শাহরুখ খানের নাইট। ঐতিহাসিক লর্ডসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টেস্ট অভিষেকে শতরানের ২৫ বছর পূর্ণ হল এবার। বাংলায় যাকে বলে রজত জয়ন্তী। সোশ্যাল মিডিয়ার সর্বত্র চলছে সৌরভ-বন্দনা। শুভেচ্ছা ও ভালোবাসার সাগরে ভেসে বেড়াচ্ছেন বিসিসিআই সভাপতি। সে সবের মধ্যেই যেন খানিকটা ছন্দপতন ঘটল কেকেআরের এদিনের পোস্টে।
এদিন কেকেআরের এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। যেখানে বিসিসিআই সভাপতিকে সম্মান প্রদর্শন করতে গিয়ে তাঁকে পরোক্ষে অপমান করা হয়েছে বলে মনে করেন নেটিজেনরা। সৌরভের সঙ্গে জুড়ে থাকা এই বিশেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে হ্যাটট্রিক করেছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।
নিজের দেশের প্রথম বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করা ওই স্পিনারের কীর্তিকে একই পোস্টে 'Kolkata's MAHARAJ'-এর আগে উল্লেখ করা হয়েছে। আর তা নিয়েই ক্ষিপ্ত হয়েছেন ক্রিকেট প্রেমীরা। সৌরভকে অপমান করতেই নাইট শিবিরের তরফে এই পোস্ট করা হয়েছে বলে দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের একনিষ্ঠ অনুগামীরা।

Post a Comment