৯টি মোবাইল সহ গ্রেপ্তার দুই মোবাইল চোর
দি নিউজ লায়ন; বর্ধমান থানা এলাকায় ৯টি মোবাইল সহ গ্রেপ্তার দুই মোবাইল চোর। ধৃতদের নাম উদিত সরকার ও শৌভিক দত্ত। বর্ধমান শহরের ৪ নম্বর শাঁখারিপুকুরে উদিতের বাড়ি। শহরেরই খাজা আনোয়ার বেড় এলাকায় শৌভিকের বাড়ি। পুলিস জানিয়েছে, রবিবার সন্ধ্যায় শহরের তিনকোনিয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাইকে চেপে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল উদিত।
পুলিস তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। তল্লাশিতে তার কাছ থেকে ৫টি মোবাইল উদ্ধার হয়। মোবাইলের মালিকানা সংক্রান্ত কোনও কাগজ সে দেখাতে পারেনি। সেগুলি চুরির বলে স্বীকার করে উদিত। তাকে জিজ্ঞাসাবাদ করে চোরাই মোবাইল কেনাবেচায় শৌভিকের জড়িত থাকার বিষয়ে জানতে পারে পুলিস। উদিতকে নিয়ে রাতেই তার বাড়িতে হানা দেয় পুলিস। বাড়ি থেকে ৪টি চোরাই মোবাইল উদ্ধার হয়। ধৃতরা দীর্ঘদিন ধরে মোবাইল চুরিতে জড়িত বলে জেনেছে পুলিস।
তাদের সঙ্গে আরও কয়েকজন রয়েছে বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিস। উদিতের বাইকটি পুলিস বাজেয়াপ্ত করেছে। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতদের ৩ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।

Post a Comment