ঝিকিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের পদত্যাগ
দি নিউজ লায়ন; দল তাড়িয়ে দেবে বুঝতে পেরে মান বাঁচাতে আগেই পদত্যাগ করলেন পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান। বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনে অংশ না নেওয়ার পাশাপাশি একাধিক বেনিয়মের আভিযোগ উঠেছিল আমতা ২ নং ব্লকের ঝিকিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ পন্ডিত এবং উপপ্রধান মহাদেব সাঁতরার বিরুদ্ধে।
সেইমত এই দু'জনের বিরুদ্ধে অনাস্থা আনার প্রস্তুতি শুরু করেছিল পঞ্চায়েতের বাকি সদস্যরা। আর তার আগেই বুধবার ঝিকিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান তাদের পদ থেকে পদত্যাগ করলেন। ইতিমধ্যে তারা আমতা ২ নং ব্লকের বিডিও এর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও সূত্রের খবর প্রধান এবং উপপ্রধান দুজনেই শারীরিক সমস্যা এবং পারিবারিক কারনেই পদত্যাগ বলে দাবি করেছেন।
এলাকার তৃণমূলের একাংশের অভিযোগ বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে সেভাবে নির্বাচনে অংশ না নেওয়ায় এই অঞ্চলে তৃণমূল ভালো ফল করতে পারেনি। এছাড়াও গত আড়াই বছর ধরে প্রধান এবং উপপ্রধান পঞ্চায়েতের বাকি ১০ জনের মতামত ছাড়াই নানা কাজ করছিল। আর এরপরই এই দুজনের বিরুদ্ধে অনাস্থা আনার প্রক্রিয়া শুরু হয়। যদিও তার আগেই বুধবার এই দুজনে তাদের পদ থেকে পদত্যাগ করল। এই ব্যাপারে প্রাক্তন প্রধান বিশ্বজিৎ পন্ডিতকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে প্রধান উপপ্রধানের পদত্যাগের বিষয়টি তার জানা নেই বলে জানান আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেলিমুল আলম।

Post a Comment