সাঁতরাগাছিতে বহুতল লক্ষ্য করে পরপর গুলি
দি নিউজ লায়ন; হাওড়ার সাঁতরাগাছিতে বহুতল আবাসন লক্ষ্য করে শুক্রবার সাতসকালে গুলি চলল। রেলকর্মী এস কে বেহেরার ফ্ল্যাট লক্ষ্য করে ওই গুলি চালানোর ঘটনা ঘটেছে। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। মোট ২ রাউন্ড গুলি চালানো হয় বলে সূত্রের খবর। ঘটনায় কেউ হতাহত হয়নি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাঁতরাগাছি ঝিল সংলগ্ন উত্তর বাকসাড়া অঞ্চলের স্যানচ্যুয়ারি ভিউ অ্যাপার্টমেন্টে। সাঁতরাগাছি থানার পুলিশ ওই রেলকর্মীকেও জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিন সকালে হাওড়া পুলিশ কমিশনারেটের সাঁতরাগাছি থানা এলাকার ওই বহুতল আবাসনে মোট ২ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয় দুই দুষ্কৃতীর বিরুদ্ধে।
এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান সাঁতরাগাছি থানার পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। আসেন হাওড়া পুলিশ কমিশনাররেটের ডিসিপি সাউথ প্রতীক্ষা ঝারখারিয়া। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কাজের বরাত পাওয়া নিয়েই এই ঘটনা। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। এদিকে, ঘটনা সম্পর্কে রেলের সিনিয়র প্যাসেঞ্জার গার্ড নন্দকিশোর রাম জানিয়েছেন, এদিন সকাল প্রায় সাতটা নাগাদ লোকাল ইন্সপেক্টর এস কে বেহেরার( সুনীল কুমার বেহেরা ) ফ্ল্যাট লক্ষ্য করে করে গুলি চলে। একটা গুলি দরজা ভেদ করে চলে যায়। তারপর দরজা খুললে আরো একটা গুলি চালায় দুষ্কৃতিরা। সেই গুলি ঘরের ভেতরে চলে যায়।
দুই রাউন্ড গুলি চলেছিল। কেন গুলি চালানো হল তা জানা যায়নি। এই ঘটনার বিষয়ে হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ প্রতীক্ষা ঝারখারিয়া জানিয়েছেন, এটা গুলি চালানোর ঘটনা। সকালে দু'জন লোক বাইকে করে এসে গুলি চালায়। পেশাগত প্রতিদ্বন্দ্বিতা, আর তার জন্যই গুলি চালনা বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। যে এই কাজ করেছে রেলওয়ে কর্মী নয়, তবে রেলের কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। এটা নিজেদের মধ্যে গন্ডগোলের কারণে গুলি চালানোর ঘটনা ঘটেনি বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তদন্তে কিছু তথ্য হাতে এসেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment