ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থীর বাড়ির পিছন থেকে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার
দি নিউজ লায়ন; ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী শাহাবুদ্দিন সিরাজীর বাড়ির পিছন থেকে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ শুক্রবার শাহাবুদ্দিন সিরাজির বাড়ির পিছনে হানা দেয়। সেখানে ঝোপঝাড়ের মধ্যে থেকে কয়েকটি ব্যাগ উদ্ধার করে। সেই ব্যাগের মধ্যে ছিল তাজা বোমা। পুলিশ সূত্রে খবর প্রায় কুড়িটি মতন তাজা বোমা মজুদ করা ছিল। বোমা গুলি ভাঙড় থানার পুলিশ উদ্ধার করে।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় তৃণমূল নেতা আলাউদ্দিন মোল্লা ঘটনাস্থলে আসে। তাদের দাবি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য শাহাবুদ্দিন সিরাজী বোমা মজুত করেছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমা গুলি উদ্ধার করে। যদিও আলাউদ্দিনের এই অভিযোগ অস্বীকার করে শাহাবুদ্দিন সিরাজী জানান ভোট গণনার পর থেকেই তিনি ঘরছাড়া। তার বাড়িতে ব্যাপক ভাঙচুর করেছে তৃণমূল কর্মীরা।
এর পাশাপাশি ক্যানিং পূর্ব বিধানসভা জুড়ে সমস্ত আইএসএফ কর্মীদের বাড়িঘর লুট করেছে তৃণমূল। বাড়িতে না থাকার সুযোগ নিয়েই তৃণমূল কর্মীরা এই বোমা রেখে আজ তার নামে দোষ দিচ্ছে। যদিও বোমা উদ্ধারের পর পুলিশ বোম স্কোয়াড দলকে জানিয়েছে। তারাই এসে বোমা গুলি নিষ্ক্রিয় করে। পুলিশ বোমা উদ্ধারের পর স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment